
আইনেট প্রতিনিধিঃ পয়লা ফেব্রুয়ারি, রবিবার রাতে, আনুমানিক রাত ৮টা ৩০ মিনিট নাগাদ। কাকড়াবন থানার অন্তর্গত জামজুরি আনন্দমেলার সামনে থেকে পালাটানা এলাকার বাসিন্দা বিজয় দাসের একটি সুপার স্প্লেন্ডার বাইক চুরি হয়ে যায়। চুরি যাওয়া বাইকটির নম্বর TR03G–7848 ঘটনার পরপরই বাইকের মালিক বিজয় দাস কাকড়াবন থানায় এসে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেতেই তৎপরতায় নামে পুলিশ। শুরু হয় জোরদার তদন্ত। তদন্তের সূত্র ধরে ৩ ফেব্রুয়ারি রাতে, কাকড়াবন আউটপোস্টের অধীনে দুর্গা চৌমুহনী মারওয়ারি টিলা সংলগ্ন একটি জঙ্গল থেকে চুরি যাওয়া বাইকটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। তবে উদ্ধারকালে দেখা যায়, পরিচয় গোপন করতে বাইকটির নম্বর প্লেট খুলে ফেলা হয়েছে। এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পুলিশ প্রথমে শ্যামল দাস (২৫) নামে এক যুবককে গ্রেফতার করে। পরবর্তী সময়ে তদন্ত আরও এগিয়ে নিয়ে গিয়ে একই মামলায় সুব্রত পাটোয়ারী (২৩) নামের আরেক অভিযুক্তকেও গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, এই চুরির ঘটনার সঙ্গে মোট দু’জনই সরাসরি জড়িত ছিল।