
আইনেট প্রতিনিধিঃ বাজেটকে কেন্দ্র করে আজ আমবাসা স্থিত বিজেপি ধলাই জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের বাজেট উপস্থাপন কমিটির কনভেনার তথা প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, বিজেপি ধলাই জেলা কমিটির সভাপতি পতিরাম ত্রিপুরা, জেলা কমিটির সহ-সভাপতি মৃদুল দত্ত প্রমূখ। বাজেট নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রেবতী ত্রিপুরা বলেন এবারের বাজেট অন্যান্য বছরগুলিতে যে বাজেট পেশ করা হয় তার থেকে একটু ব্যতিক্রমী। ২০৪৭ সালের বিকশিত ভারত গঠনের লক্ষ্যকে সামনে রেখেই এবারের বাজেট তৈরি করা হয়েছে। বিকশিত ভারত করতে গেলে তার যে ভিত্তি সেদিকে লক্ষ্য রাখা হয়েছে। কোন দেশ যদি অর্থনৈতিকভাবে শক্তিশালী না হয় তাহলে সেই দেশ সামনের দিকে অগ্রসর হতে পারবেনা সুতরাং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা চিন্তা করেই এই বাজেট তৈরি করা হয়েছে। সামরিক ক্ষেত্রে শক্তিশালী করার বিষয়টিও বাজেটে রয়েছে। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন বর্তমান সময়ে আমাদের রাজ্যে বিরোধীদল বিশেষ করে বিরোধী দলনেতা এবং বর্তমানে যিনি ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতার দায়িত্বে আছেন তিনি বাজেটকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন বাস্তব অর্থে তিনি নিজেও জানেন এই বাজেটে কি রয়েছে সুতরাং বিরোধিতা করা ওনার কাজ সেই লক্ষ্যেই তিনি বিরোধিতা করছেন।