
আইনেট প্রতিনিধিঃ বটতলা পুলিশ ফাড়ির নাকের ডগায় অবস্থিত হাওড়া মার্কেট। শহরের সৌন্দর্যের সাথে তাল মিলিয়ে এই হাওড়া মার্কেটটিকেও সুন্দর ভাবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে আগরতলা পৌরনিগম ।আগামী ৮ ফেব্রুয়ারি থেকে হাওড়া মার্কেটে নিগম অভিযান চালাবে ।বিষয়টি নিয়ে বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলেন মেয়র ।বৈঠকে সিদ্ধান্ত হয় ,যাদের কাগজপত্র রয়েছে ,তাদের এক মাসের মধ্যেই সংশ্লিষ্ট এলাকাতে দোকান ঘর তৈরি করে দেবে নিগম কর্তৃপক্ষ। মেয়রের সিদ্ধান্তে হাওড়া মার্কেটের ব্যবসায়ীরা সম্মতি প্রকাশ করেন এবং এই ক্ষেত্রে আগরতলা পৌর নিগমকে যথাযথ সহযোগিতা করবেন বলে জানান ।সেই মতো বৃহস্পতিবার থেকেই হাওড়া মার্কেটের দোকান মালিকরা নিজেদের দোকান ঘর ভেঙে সরিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করেন ।এদিন এই প্রসঙ্গে হাওড়া মার্কেটের ব্যবসায়ীরা জানান ,মেয়র তথা বিধায়ক দীপক মজুমদারের সাথে তাদের বৈঠক হয়েছে ।বৈঠক ফলপ্রসূ হয়েছে ।হাওড়া মার্কেটে যাদের বৈধ দোকান ঘর রয়েছে তাদের এক মাসের মধ্যে মেয়র সংশ্লিষ্ট স্থানে দোকান ঘর নির্মাণ করে দেবেন ।তারা মেয়রের কথাবার্তায় সন্তোষ প্রকাশ করেন ।ব্যবসায়ীরা জানান, তাদের বিশ্বাস ,মেয়র কথা দিয়ে কথা রাখবেন ।এই বিশ্বাসের উপর ভিত্তি করেই তারা দোকানপাট সরিয়ে নিচ্ছেন।