
আইনেট প্রতিনিধিঃ এই প্রথমবার তেলিয়ামুড়া নিউ স্টার ক্লাবের উদ্যোগে তেলিয়ামুড়া মহকুমার দশমীঘাট স্থিত ভগৎ সিং মিনি স্টেডিয়াম প্রাঙ্গণে শুরু হলো সুধাঙ্ক দাস স্মৃতি এক সুবিশাল নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। শনিবার, এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার সূচনা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী টিংকু রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহা রায়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়, তেলিয়ামুড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক নন্দন রায়, এলাকার কাউন্সিলর মালশ্রী সাহা পাল সহ নিউ স্টার ক্লাবের সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবী সুমন ঘোষ এবং আরও বহু বিশিষ্ট ব্যক্তি। উদ্বোধনী পর্বের ম্যাচে মুখোমুখি হয় দুটি শক্তিশালী দল— ভগৎ সিং ওয়ারিয়র্স ও রাইজিং স্টার। খেলার শুরুতেই স্টেডিয়ামজুড়ে জমে ওঠে উৎসবমুখর পরিবেশ, দর্শকদের উপস্থিতিতে ভরে ওঠে গ্যালারি।
বক্তব্য রাখতে গিয়ে ক্রীড়ামন্ত্রী টিংকু রায় এই ধরনের স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ ও শৃঙ্খলা বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন। বিধায়িকা কল্যাণী সাহা রায়ও এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে ভবিষ্যতে আরও বড় আকারে এমন প্রতিযোগিতা আয়োজনের আহ্বান জানান।