
আইনেট প্রতিনিধিঃ এক প্রবীণ চা বিক্রেতার মৃতদেহ উদ্ধার কে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য। জানা গেছে বিশালগড় থানার অন্তর্গত দুর্গানগর বর্মন টিলা এলাকার মতিলাল বর্মন, তিনি একজন চা বিক্রেতা। তিনি শুক্রবার দুপুর দেড়টা নাগাদ বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যান। সন্ধ্যা গনিয়ে আসলেও বাড়িতে ফিরে না আসায় ওনার স্ত্রীসহ পরিবারের অন্যান্যরা খোঁজখবর শুরু করে। রাত হলেও মতিলাল বর্মনকে কোথাও খুঁজে না পেয়ে অবশেষে উনার স্ত্রী শুক্রবার রাতেই বিশালগড় থানার দ্বারস্থ হয়ে নিখোঁজ ডায়েরি করেন। অবশেষে শনিবার সকালে একটি রাবার বাগানে চা বিক্রেতা মতিলাল বর্মনের মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর দেওয়া হয় উনার পরিবারের লোকজনদের, খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে মতিলাল বর্মনের মৃতদেহ দেখতে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। খবর দেওয়া হয় বিশালগড় থানায়, খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে, তবে মৃত অবস্থায় পড়ে থাকা মতিলাল বর্মনের ডান হাতে রক্তের ছাপ পাওয়া গেছে। এ নিয়ে উনার পরিবারসহ এলাকাবাসীদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে। উনার হাতে রক্তের চিহ্ন থাকায় সকলেই সন্দেহ করছে এটা কি পরিকল্পিত খুন নাকি অন্য কিছু। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিশালগড় মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়। পুলিশসহ ওনার পরিবারের ধারণা ময়নাতদন্তের পর উনার মৃত্যুর আসল রহস্য বেরিয়ে আসবে। এই ঘটনায় গোটা বর্মন টিলা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে।