
আইনেট প্রতিনিধিঃ আগরতলা শহরকে সুন্দর করে তুলতে উচ্ছেন অভিযান সংঘটিত করে চলছে আগরতলা পৌরনিগম। রবিবার এই অভিযান পঞ্চম দিনে পড়েছে ।এই উচ্ছেদ অভিযান নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। রবিবার ডি ওয়াই এফ আই রাজনগর অঞ্চল সম্মেলন উপলক্ষে ছাত্র যুব ভবনে আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সেখানে উচ্ছেদ অভিযান প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান ,গরিব হকারদের জন্য বিকল্প ব্যবস্থা করা উচিত ছিল। পূর্বতন বামফ্রন্ট সরকারের আমলে শহরের বিভিন্ন স্থানে আগাম ব্যবস্থা গ্রহণ করার পরই উচ্ছেদ অভিযান সংঘটিত করা হয় ।বর্তমানে হকার উচ্ছেদ অভিযানের নামে যা চলছে তা এক প্রকার রাতের আঁধারে গরিব ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর আক্রমণ। তাদের সামগ্রী নষ্ট করা হচ্ছে ।ধার দেনা করে ক্ষুদ্র ব্যবসায়ীরা এই সামগ্রী গুলি সংগ্রহ করেছিলেন। এখন তারা পথে বসে যাবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও বলেন ,একটা প্রতিহিংসামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে অমানবিক কায়দায় উচ্ছেদের নামে এই আক্রমণ সংঘটিত করা হচ্ছে ।এটা গরিবদের বিরুদ্ধে একপ্রকার যুদ্ধ ঘোষণা ।এই ধরনের উচ্ছেদ প্রক্রিয়া কোনোভাবেই সমর্থনযোগ্য নয় ।এর তীব্র নিন্দা জানান তিনি।
এদিন এস আই আর নিয়েও প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন ,ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার জন্যই নির্বাচন কমিশন বিজেপিকে সাহায্য করার লক্ষ্যে এস আই আর প্রক্রিয়া চালু করেছে ।এর মাধ্যমে মুসলিম ভোটারদের বিরুদ্ধে আক্রমণ সংঘটিত করা হচ্ছে। তপশিলি অংশের ভোটারদের বিরুদ্ধেও এই আক্রমণ চলছে ।