
আইনেট প্রতিনিধিঃ বিকশিত ভারত জি রাম জি আইন ২০২৫ প্রণয়ন উপলক্ষ্যে বুধবার আগরতলায় জনপ্রতিনিধি সম্মেলন ও বিভিন্ন গ্রামোন্নয় প্রকল্পের উদ্বোধন হয়। পাশাপাশি এদিন লাভার্থী সম্মাননা কর্মসূচিও অনুষ্ঠিত হয়। রাজধানী আগরতলার আস্তাবল ময়দানে আয়োজিত এই কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকারের গ্রাম উন্নয়ন ও কৃষি মন্ত্রকের মন্ত্রী শিবরাজ সিং চৌহান। সেই সঙ্গে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা, অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিং রায়, উচ্চশিক্ষা ও পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন, শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা, পর্যটন ও পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, মৎস দপ্তরের মন্ত্রী সুধং শু দাস প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী বলেন, ভারতের এক মহান পুরুষ নরেন্দ্র বলেছিলেন ভারত একদিন বিশ্বগুরু হবে, মহান এই পুরুষের বাণীকে আরো এক নরেন্দ্র এখন সম্পূর্ণ করছেন। তারপর তিনি বলেন স্বামী বিবেকানন্দ যার আসল নাম নরেন্দ্রনাথ দত্ত তিনি বলেছিলেন যে ভারত বিশ্বগুরু পরিণত হবে এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই কথাটিকে সম্পূর্ণ করছেন। সেই সঙ্গে তিনি আরো বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর-পূর্ব ভারতকে অষ্ট লক্ষ্মী নাম দিয়েছেন। এরমধ্যে ত্রিপুরায় ধনলক্ষ্মীর বাস রয়েছে। এই প্রকল্পের প্রসঙ্গে বলতে গিয়ে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী বলেন, নতুন প্রকল্পটি গ্রামীন উন্নয়নের রোড ম্যাপ হিসেবে চিহ্নিত হবে আগামী দিনে। অথচ বিরোধীরা এর বিরোধিতা করছে। সেই জন্য তিনি আরো বলেন বিরোধী কংগ্রেস এবং বামেরা বহু প্রকল্পের নাম পরিবর্তন করেছিল তখন কেউ কোন কথা বলেনি। অতছ এখন বিরোধীরাই মানুষদের বিভ্রান্ত করার জন্য চিৎকার চেঁচামেচি করছে।