
আইনেট প্রতিনিধিঃ সমাজের প্রতি দ্বায়বদ্ধতাকে সামনে রেখে সমাজের বিভিন্ন ক্ষেত্রে সুসম্পর্ক গড়ে তোলা এবং যুব সমাজকে ক্রীড়া ও শিক্ষামুখী কার্যকলাপে আরও উৎসাহিত করার লক্ষ্যে ১৪০ নম্বর সিআরপিএফ ব্যাটেলিয়ানের উদ্যোগে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের নখাতলা বিদ্যালয়ের প্রাঙ্গণে এক সিভিক অ্যাকশন প্রোগ্রামের আয়োজন করা হয়। এদিনের এই কর্মসূচিতে স্থানীয় মানুষের উল্লেখযোগ্য উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪০ নম্বর সিআরপিএফ ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট মুন্না শিং। এছাড়াও উপস্থিত ছিলেন এসিস্ট্যান্ট কম্যান্ডেন্ট কুমার রজনীকান্ত, তেলিয়ামুড়া থানার ওসি জয়ন্ত দে সহ ব্যাটেলিয়ানের অন্যান্য পদাধিকারীরা। এদিনের সিভিক অ্যাকশন প্রোগ্রামের অংশ হিসেবে দুইটি বিদ্যালয় এবং আটটি বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থার হাতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। বিতরণ করা সামগ্রীর মধ্যে ছিল ফুটবল, ভলিবল, ক্রিকেট ব্যাট-বল, নেটসহ বিভিন্ন প্রয়োজনীয় খেলাধুলার উপকরণ। এই উদ্যোগে স্থানীয় ছাত্রছাত্রী ও যুবকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। কমান্ডেন্ট মুন্না শিং তাঁর বক্তব্যে বলেন, সিআরপিএফ শুধুমাত্র আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বেই সীমাবদ্ধ নয়, বরং সামাজিক উন্নয়ন ও জনসম্পৃক্ততায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আরও জানান, যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলা ও শিক্ষার বিকল্প নেই। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।