
আইনেট প্রতিনিধিঃ সম্প্রতি রিজনাল লেভেল স্কিল ইন্ডিয়া কম্পিটিশন অনুষ্ঠিত হয়। এই কম্পিটিশনের রাজ্যের ৬ জন বিজয়ী হন ।ছয় বিজয়ী কে শুক্রবার এক অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করল শিল্প দপ্তর ।এই উপলক্ষে রাজধানীর ইন্দ্রনগর স্থিত আইটি ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী সান্তনা চাকমা ।অনুষ্ঠানে তিনি বিজয়ীদের শংসাপত্র প্রদান করেন এবং তাদের হাতে নগদ পুরস্কার তুলে দেন । এই প্রসঙ্গে শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্তনা চাকমা জানান ,রিজনাল লেভেল স্কিল ইন্ডিয়া কম্পিটিশনে অসাধারণ কৃতিত্বের জন্যই তাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। তিনি আরো জানান, একই অনুষ্ঠানে আরও দুটি কোর্স চালু করা হয়েছে ।এর একটি হল বিভিন্ন ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি কোর্স এবং নার্সিং এর একটি কোর্স। মন্ত্রী জানান আত্মনির্ভর ত্রিপুরা এবং আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্যেই এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। শিল্প ও বাণিজ্যমন্ত্রী আরও জানান ,নার্সিং এর জন্য যে কোর্সটি চালু করা হয়েছে সেখানে প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে ।প্রশিক্ষণ চলাকালীন সময়ে নির্বাচিতরা মাসে আট হাজার টাকা করে পাবেন। প্রশিক্ষণ শেষে তাদের ১০ হাজার টাকা মাসিক বেতনের চাকরির ব্যবস্থা করা হবে।