
আইনেট প্রতিনিধিঃ শনিবার বার কাউন্সিল অফ ত্রিপুরার সাধারণ নির্বাচন। সকাল ন'টা থেকে ত্রিপুরা হাইকোর্ট সহ রাজ্যের মোট ১৫ টি বুথে চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া ।ভোট চলবে বিকেল চারটা পর্যন্ত ।এই ভোটে মোট ১১ জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা নির্ধারণ করবেন ১৬৭১ জন ভোটার। ভোট গ্রহণ কে কেন্দ্র করে আগরতলা হাইকোর্ট চত্বরে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা পরিলক্ষিত হয় । ভোট শুরুর প্রথম এক ঘন্টায় ভোটারদের উপস্থিতি তেমন একটা পরিলক্ষিত না হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোট দাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয় ।এই ভোট দান কে কেন্দ্র করে হাইকোর্টে ৭ টি ভোট কেন্দ্র গঠন করা হয়েছে। এছাড়া বিশালগড় ,সোনামুড়া, উদয়পুর ,বিলোনিয়া, খোয়াই ,কমলপুর ,কৈলাশহর এবং ধর্মনগরে একটি করে ভোট কেন্দ্র গঠন করা হয়েছে। এদিন হাইকোর্টে ভোট গ্রহণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন এই নির্বাচনের নির্বাচনী আধিকারিক তথা অবসরপ্রাপ্ত বিচারপতি এসি দাস । হাইকোর্ট চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান ,উৎসবের মেজাজে ভোট গ্রহণ চলছে। দুপুর একটার মধ্যেই ৫০ শতাংশ ভোটার ভোট দানে অংশগ্রহণ করে ফেলেছেন বলে জানান তিনি।