
আইনেট প্রতিনিধিঃ বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে আবারও তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন ,বিরোধীরা চোখে উন্নয়ন দেখতে পারছেন না ।ওদের চোখে ছানি পড়ে গেছে ।চোখের অপারেশন করলে তারা দেখতে পাবেন উন্নয়ন কাকে বলে ।মুখ্যমন্ত্রী বলেন ,রাজ্যে বিজেপি সরকারের প্রায় আট বছর হতে চলল। বাকি বছরগুলোর কথা বাদই দিলাম । গত এক বছরে ১৩ শ কোটি টাকার উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন করেছেন তিনি নিজে । এদিন ১৩ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আগরতলা পৌর নিগমের ৪৩ নম্বর ওয়ার্ডের ঋষি কলোনি এলাকার জলাশয় পুনর্জীবীকরণ এবং সৌন্দর্যায়ন প্রকল্পের উদ্বোধন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ,ডেপুটি মেয়র তথা স্হানীয় কর্পুরেটর মনিকা দাস দত্ত ,নগর উন্নয়ন দপ্তরের সচিব মিলিন্দ রামটেকে ,দপ্তরের অধিকর্তা মেঘা জৈন সহ অন্যান্যরা ।এদিন বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে জলাশয়ে পুজো দিয়ে এই প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন ,আমাদের কাছে সাধারণ মানুষের উন্নয়ন ছাড়া কোন কথা নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রান্তিক মানুষের কাছে সুবিধা পৌঁছে দেওয়ার কথা বলছেন ।ঋষি কলোনির এই অনুষ্ঠান এরই একটি প্রকৃত উদাহরণ বলে মনে করেন মুখ্যমন্ত্রী ।তিনি বলেন ,জীবন এভাবে চলতে পারে না ।কমিউনিস্টরা ধরেই নিয়েছিল ,মানুষ যত বেশি গরীব থাকবে তত বেশি তাদের লাভ ।কারণ মানুষ যত অজ্ঞান থাকবেন তত বেশি প্রশ্ন করতে পারবেন না। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আমাদের সরকার বলছে শিক্ষা এবং দীক্ষার মাধ্যমে প্রান্তিক মানুষের আর্থ- সামাজিক উন্নয়ন ।তাদের জীবন যেন সুন্দর হয় সেই ব্যবস্থা আমরা করে চলছি ।মুখ্যমন্ত্রী বলেন ,এ শুধু কথার কথা নয় ,আমরা কাজে এর প্রমাণ করছি।