
আইনেট প্রতিনিধিঃ পুলিশ সপ্তাহ উদযাপনের অঙ্গ হিসেবে বিভিন্ন সচেতনতামূলক ও জনসংযোগমূলক কর্মসূচি গ্রহণ করেছে ত্রিপুরা পুলিশ এবং ত্রিপুরা স্টেট রাইফেলস। এরই অংশ হিসেবে এক অভিনব উদ্যোগ নেওয়া হয় ত্রিপুরা স্টেট রাইফেলসের ১২ নম্বর ব্যাটেলিয়নের চাকমাঘাটস্থিত হেডকোয়ার্টারে। এই কর্মসূচির আওতায় একদিনের জন্য প্রতীকী কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয় তেলিয়ামুড়া নেতাজি নগর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী দেবস্মিতা সাহাকে। কমান্ড্যান্টের দায়িত্ব পেয়ে দেবস্মিতা জানান, ভবিষ্যতে পুলিশ বাহিনীতে একজন প্রতিষ্ঠিত সৈনিক হওয়াই তার স্বপ্ন। তার মতে, এই সুযোগ সেই স্বপ্নপূরণের পথে একটি গুরুত্বপূর্ণ প্রথম ধাপ। এই ব্যতিক্রমী অভিজ্ঞতা পেয়ে দেবস্মিতা অত্যন্ত আনন্দিত ও গর্বিত বলে জানায়। পাশাপাশি তাকে এই সুযোগ করে দেওয়ার জন্য সে টিএসআর ১২ নম্বর ব্যাটেলিয়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।এ বিষয়ে টিএসআর ১২ নম্বর ব্যাটেলিয়নের কমান্ড্যান্ট সুভাষচন্দ্র দাস জানান, সাধারণ মানুষের মধ্যে পুলিশ ও টিএসআর সম্পর্কে যে ভীতি বা দূরত্ব রয়েছে, তা দূর করতেই এই উদ্যোগ। নবপ্রজন্মকে পুলিশের দায়িত্ব, কর্তব্য ও মানবিক দিক সম্পর্কে ওয়াকিবহাল করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য বলে তিনি উল্লেখ করেন।