
আইনেট প্রতিনিধিঃ রাজধানীর রাধানগর থেকে খোয়াই কমলপুর এবং কৈলাশহরের সব ধরনের যাত্রী পরিষেবা বন্ধ ।এক বাস চালক ও সহচালক নিগৃহীত হওয়ার জের ধরে যাত্রী পরিষেবায় এই অচলাবস্থা সৃষ্টি হয়েছে। জানা গেছে ,সোমবার বিকেলে আগরতলা থেকে যাত্রীবোঝাই একটি বাস কমলপুরের উদ্দেশ্যে যাচ্ছিল ।পথে কমলপুরের লাম্বু চৌমুহনী এলাকায় একটি ম্যাক্স গাড়ি ও অটো গাড়ির চালকের সাথে সংশ্লিষ্ট বাস গাড়ির চালক ও সহচালকের যাত্রী উঠা নামা নিয়ে বচসা হয় । এই বচসার জের ধরে লাম্বু চৌমুহনী এলাকার অটোচালক এবং ম্যাক্স গাড়ির চালক বাস গাড়ির চালক এবং সহচালককে মারধর করে। তারা আগরতলায় এসে থানায় এফ আই আর করেন। অভিযুক্তদের গ্রেপ্তার করা না পর্যন্ত মঙ্গলবার রাধানগরের সব ধরনের গাড়ি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় মোটর শ্রমিকরা। এদিন রাধানগরের এক মটর শ্রমিক এই কথা জানান। এদিকে হঠাৎ করে পরিষেবা বন্ধ হয়ে পড়ায় বিপাকে পড়েন খোয়াই ,কমলপুর এবং কৈলাসহরের যাত্রীরা। অনেক যাত্রী রাধানগর স্ট্যান্ডে এসে যান চলাচল বন্ধ দেখে সমস্যায় পড়েন। এদিন রাধানগর স্ট্যান্ডে এক ছাত্রী জানান ,তিনি খোয়াই যেতে চান ।কিন্তু কোন গাড়ি না চলায় যেতে পারছেন না। এক অফিস যাত্রী জানান, তিনি অফিসের বৈঠকে যোগ দিতে সোমবার আগরতলায় আসেন ।মঙ্গলবার তার বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু যেতে পারছেন না। অন্যান্য যাত্রী সাধারণরাও এদিন এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।