
আইনেট প্রতিনিধিঃ যুদ্ধের পরিস্থিতি চলছে মধ্য প্রান্তে ।আর রাজ্যে পেট্রোপণ্যের সংকট পরবে বলে মনে করে পেট্রোল পাম্প গুলিতে দীর্ঘ লাইন। গত দুদিন ধরে এই পরিস্থিতি পরিলক্ষিত হচ্ছিল । এই পরিপ্রেক্ষিতে তড়িঘড়ি এক গুরুত্বপূর্ণ বৈঠক ডাকেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী । বৈঠকে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব এবং অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা। এছাড়াও পেট্রোল পাম্পের সংগঠনগুলির প্রতিনিধি এবং মহারাজগঞ্জ বাজারের মার্চেন্ট এসোসিয়েশনের প্রতিনিধিরাও এই বৈঠকে উপস্থিত ছিলেন ।দীর্ঘ বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী জানান ,পেট্রোপণ্য নিয়ে অযথা কোনো পেনিক বা আতঙ্ক নয় ।রাজ্যে আরও এক মাসের জন্য পেট্রোল, ডিজেল এবং এলপিজি'র প্রয়োজনীয় মজুদ রয়েছে। এদিন বৈঠকে পেট্রোল পাম্পের সংগঠনগুলির প্রতিনিধিরা এই বিষয়ে মন্ত্রীকে আশ্বস্ত করেছেন বলে জানান তিনি ।মন্ত্রী আরো জানান ,বিষয়টি নিয়ে ইন্ডিয়ান ওয়েলের আধিকারিকদের সাথেও তিনি কথা বলেছেন। তারাও তাকে আশ্বস্ত করেছেন যে পেট্রোপণ্য নিয়ে উদ্বিগ্ন বা চিন্তার কোন কারণ নেই। সাংবাদিক সম্মেলনে খাদ্য ও পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী আরো জানান, নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বিষয়গুলি নিয়েও বৈঠকে তার সাথে মহারাজগঞ্জ বাজারের মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের আলোচনা হয়েছে । নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী যথেষ্ট পরিমাণে মজুদ রয়েছে বলে জানান সংগঠনের সদস্যরা। মন্ত্রী বলেন ,মধ্যপ্রাচ্যের অনাকাঙ্ক্ষিত যুদ্ধের বাহানায় রাজ্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বৃদ্ধি করা হলে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। সংশ্লিষ্ট বিষয়টি পর্যবেক্ষণের জন্য অতি শীঘ্রই এনফোর্সমেন্ট প্রক্রিয়া চালু করা হবে বলে জানান তিনি।