
আইনেট প্রতিনিধিঃ মধ্যপ্রাচ্যে যুদ্ধ নিয়ে অশান্তির বাতাবরণ চলছে। এর মধ্যেই শুক্রবার রাতে রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় অনেকটাই বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার ।বাড়ানো হয়েছে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দামও।এর ফলে ত্রিপুরায় শনিবার থেকে ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাসের সিলিন্ডার বিক্রি হচ্ছে ১০৩৮ টাকা ৪০ পয়সা করে। গতকাল পর্যন্ত এর দাম ছিল ৯৭৮ টাকা ৪০ পয়সা ।অর্থাৎ রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বৃদ্ধি পেল ৬০ টাকা ।একই সাথে বাণিজ্যিক গ্যাসের দামও সিলিন্ডার প্রতি ১১৪ টাকা বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার । শুক্রবার যে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার বিক্রি হচ্ছিল ২২৫৫ টাকা করে শনিবার থেকে তার দাম বৃদ্ধি পেয়ে হয়েছে ২৩৬৯ টাকা। এদিন এক গ্যাস এজেন্সির কর্মী এই সংবাদ জানিয়েছেন। হঠাৎ করে একলাফে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে । শনিবার রাজধানীর এক গ্যাসের এজেন্সির কাউন্টারের সামনে দাঁড়িয়ে এক ভদ্রলোক প্রতিক্রিয়া ব্যক্ত করে জানান ,এক লাফে ৬০ টাকা রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ার বিষয়টিতে তার বলার কোনো ভাষা নেই। এর ফলে সাধারণ মানুষের উপর আর্থিক বোঝা আরো বৃদ্ধি পেল বলে মনে করেন তিনি।