img


ধর্মনগরে শৌচাগার সংকট, পুরপরিষদের উদাসীনতায় দুর্ভোগে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।


আইনেট  প্রতিনিধিঃ    শহর আধুনিক হচ্ছে, বাড়ছে চাকচিক্য। কিন্তু সাধারণ মানুষের নূন্যতম প্রয়োজন মেটাতে ব্যর্থ প্রশাসন। উত্তর ত্রিপুরার বাণিজ্যিক শহর ধর্মনগরে এখন প্রকট হয়ে দাঁড়িয়েছে শৌচাগার সংকট। শহরের প্রাণকেন্দ্র থেকে শুরু করে জনবহুল এলাকা—সর্বত্রই শৌচাগারের অভাবে চরম ভোগান্তিতে পড়েছেন শহরবাসী থেকে শুরু করে গ্রাম থেকে আসা সাধারণ মানুষ। অভিযোগের তির সরাসরি ধর্মনগর পুরপরিষদের দিকে। উত্তর জেলার সদর শহর ধর্মনগর। প্রতিদিন হাজার হাজার মানুষ বিভিন্ন প্রয়োজনে ভিড় করেন এই শহরে। কিন্তু প্রাকৃতিক কাজ সারার জন্য সারা শহরে হাতেগোনা মাত্র কয়েকটি শৌচাগার রয়েছে। তার মধ্যে অন্যতম হলো সেন্ট্রাল রোডের ওপর অবস্থিত পুরপরিষদ পরিচালিত শৌচাগারটি। কিন্তু অভিযোগ, এই শৌচাগারটি মাসের ৩০ দিনের মধ্যে ১০ দিনও খোলা পাওয়া যায় না। ফলে বিপাকে পড়তে হয় সাধারণ মানুষকে। ধর্মনগর  পৌর পরিষদ এলাকায় আধুনিকায়নের কথা বলা হলেও শৌচাগারের মতো প্রাথমিক পরিষেবা প্রদানে কেন এই ব্যর্থতা, তা নিয়ে উঠছে প্রশ্ন। শৌচাগার বন্ধ থাকায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন স্থানীয় দোকানদার ও ব্যবসায়ীরা। দিনের বেলাতেই প্রকাশ্য ড্রেনের ধারে দাঁড়িয়ে তাঁদের প্রাকৃতিক কাজ সারতে হচ্ছে। এতে একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে, অন্যদিকে পথচলতি সাধারণ মানুষ, বিশেষ করে মহিলারা চরম অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। গ্রাম থেকে বাজার করতে আসা সাধারণ মানুষের অবস্থা আরও শোচনীয়। শৌচাগার না পেয়ে তাঁদের দীর্ঘক্ষণ কষ্ট সহ্য করতে হয় অথবা লোকলজ্জার ভয় ত্যাগ করে অস্বাস্থ্যকর পথ বেছে নিতে হচ্ছে। শহরবাসী দাবি তুলছেন, দ্রুত প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে পর্যাপ্ত ও ব্যবহারযোগ্য শৌচাগার গড়ে তোলা হোক। বিশেষ করে সেন্ট্রাল রোডের শৌচাগারটি যাতে প্রতিদিন নির্দিষ্ট সময়ে খোলা রাখা হয় এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়, তার জন্য পুরপরিষদকে কড়া পদক্ষেপ নিতে হবে। অন্যথায় এই সমস্যা জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে।