
আইনেট প্রতিনিধিঃ রাজ্যের উপজাতি সংস্কৃতির বিকাশ এবং মহিলা তাঁত শিল্পীদের স্বাবলম্বী করতে এক বিশেষ উদ্যোগ নিল আমবাসা মহকুমা প্রশাসন। মঙ্গলবার আমবাসার দশমী ঘাট কমিউনিটি হলে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ দিনব্যাপী এক মহকুমা ভিত্তিক কর্মশালা ও সুতা বিতরণ কর্মসূচির সূচনা হয়েছে। আমবাসা মহকুমা উপজাতি কল্যাণ আধিকারিকের দপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল দুটি ।উপজাতিদের ঐতিহ্যবাহী নৃত্য ও সংগীতের প্রসারে ১০ দিনব্যাপী একটি মহকুমা ভিত্তিক কর্মশালা এবং দ্বিতীয়ত, মহকুমার উপজাতি মহিলা তাঁত শিল্পীদের মধ্যে সরকারি সহায়তায় সুতা বিতরণ। আমবাসার দশমী ঘাট কমিউনিটি হলে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি তথা আমবাসা আর.ডি ব্লকের বিএসি চেয়ারম্যান পরিমল দেববর্মা।অনুষ্ঠানে অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমবাসা পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন হেমমালী দেববর্মা, এস.ডি বর্মন মেমোরিয়াল সরকারি মিউজিক কলেজের অতিথি অধ্যাপক ড. সুরজিৎ দেববর্মা, আমবাসা মহকুমা শাসক রিঙ্কু রিয়াং, ডিসিএম পুজা রিয়াং । বক্তারা তাঁদের বক্তব্যে উপজাতি সংস্কৃতির সংরক্ষণ এবং মহিলা তাঁত শিল্পীদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করার ওপর জোর দেন। এই ১০ দিনের কর্মশালায় স্থানীয় শিল্পীরা বিশেষজ্ঞ প্রশিক্ষণ পাবেন, যা তাঁদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। অনুষ্ঠান শেষে বহু মহিলা তাঁত শিল্পীদের হাতে উন্নত মানের সুতা তুলে দেওয়া হয়।