img


ধর্মনগর উপনির্বাচনকে ঘিরে বামফ্রন্টের জোর প্রচার, আগলাপুরে বাড়ি বাড়ি প্রচারে প্রার্থী অমিতাভ দত্ত


আইনেট  প্রতিনিধিঃ     আসন্ন ৫৬ নং ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে জোরকদমে প্রচার অভিযান শুরু করেছে বামফ্রন্ট। গত সোমবার ত্রিপুরা সিপিআই(এম) রাজ্য কমিটির পক্ষ থেকে ধর্মনগর উপনির্বাচনের প্রার্থী হিসেবে অমিতাভ দত্তের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। প্রার্থী ঘোষণার পর সময় নষ্ট না করেই মাঠে নেমে পড়েন বামফ্রন্টের নেতা-কর্মীরা।
 ধর্মনগর শহরের বিভিন্ন  এলাকায় শুরু হয় বাড়ি বাড়ি প্রচার কর্মসূচি। প্রার্থী অমিতাভ দত্তকে সঙ্গে নিয়ে বামফ্রন্টের কর্মী-সমর্থকেরা এলাকাজুড়ে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন। বাজার ও আশপাশের পাড়াগুলোতে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন এবং বামফ্রন্টের নীতির কথা তুলে ধরেন প্রার্থী।
প্রচারের সময় বিভিন্ন এলাকায় মানুষের ভিড় লক্ষ্য করা যায়। অনেকেই প্রার্থীকে শুভেচ্ছা জানান এবং বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, দীর্ঘদিন ধরে এলাকার নানা সমস্যার সমাধান না হওয়ায় মানুষের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে।
প্রচারে অংশ নেওয়া বামফ্রন্টের নেতাকর্মীরা জানান, মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলছে। তাঁদের মতে, সাধারণ মানুষের উৎসাহ ও সমর্থন দেখে মনে হচ্ছে এই নির্বাচনে বামফ্রন্ট জয়ের দিকেই এগোচ্ছে।উপ- নির্বাচনকে সামনে রেখে আগামী দিনগুলোতেও ধর্মনগরের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি প্রচার, ছোট ছোট পথসভা এবং জনসংযোগ কর্মসূচি চালিয়ে যাবে বামফ্রন্ট। প্রার্থী অমিতাভ দত্তও জানান, মানুষের পাশে থেকে তাঁদের সমস্যার সমাধানে কাজ করাই তাঁর প্রধান লক্ষ্য।ধর্মনগর উপনির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে উত্তেজনা বাড়তে শুরু করেছে। বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের সংগঠনকে সক্রিয় করে তুলছে এবং আগামী দিনগুলোতে প্রচারের তাপ আরও বাড়বে বলেই রাজনৈতিক মহলের অভিমত।