
আইনেট প্রতিনিধিঃ বুধবার রাজধানীর প্রজ্ঞা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বোতাম টিপে নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্পের জন্য ডায়নামিক ওয়েব ভিত্তিক এপ্লিকেশন এবং মোবাইল অ্যাপের সূচনা করেন রাজ্যের শ্রম মন্ত্রী টিংকু রায় ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমর দপ্তরের সচিব, শ্রম কমিশনার সহ অন্যান্যরা । এই প্রকল্পের সূচনা করে শ্রম মন্ত্রী টিংকু রায় জানান, রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৫ লক্ষের উপর ঘর তৈরি হয়েছে। এর জন্য ব্যয় হয়েছে প্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকা। এছাড়া রাজ্যে সাড়ে ১৩ হাজার কোটি টাকার ন্যাশনাল হাইওয়ের কাজ চলছে । এই সমস্ত কাজে প্রচুর সংখ্যক নির্মাণ শ্রমিক কাজ করছেন। তাদের একাউন্টে সংশ্লিষ্ট অর্থরাশির একটা বিশাল অংশ জমা পড়েছে। মন্ত্রী আক্ষেপ করে বলেন, রাজ্যে প্রায় এক লক্ষের উপর নির্মাণ শ্রমিক রয়েছেন। এরা কেউ রাজমিস্ত্রি ,কেউ জোগালি, কেউ প্লাম্বার ,বিদ্যুৎ কর্মী আবার কেউ রংমিস্ত্রি ।তাদের সুবিধার জন্যই এই প্রকল্প চালু করা হয়েছে ।কিন্তু এখন পর্যন্ত প্রায় ৪০ হাজার নথীভূক্ত নির্মাণ শ্রমিক রয়েছেন। বাকি নির্মাণ শ্রমিকরা কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কোন সুযোগ সুবিধা পাচ্ছেন না। তাদের কাছে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা পৌঁছে দিতে জনপ্রতিনিধিদের উদ্যোগ গ্রহণ করার জন্য আহ্বান জানান মন্ত্রী টিঙ্কু রায়।