
আইনেট প্রতিনিধিঃ রাজধানী লাগুয়া ইন্দু-বাংলা সীমান্ত এলাকায় বিএসএফের কড়া টহলদারির মাঝেও অনুপ্রবেশের ঘটনা ঘটছে। মঙ্গলবার সন্ধ্যা রাতে এক অনুপ্রবেশকারী বাংলাদেশী যুবককে আটক করেছে বিএসএফ । জানা গেছে, মঙ্গলবার রাতে রাজধানী লাগুয়া লঙ্কামুড়া সীমান্তে নিরাপত্তার দায়িত্বে ছিলেন লঙ্কামুড়া বিওপির ৪২ নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফ জওয়ানরা । সীমান্ত প্রহরার সময় জওয়ানরা দুই যুবককে তারকাটার বেড়ার ফোকর গলে অবৈধভাবে ভারতের প্রবেশ করতে দেখেন। সাথে সাথেই তারা দুই বাংলাদেশী যুবকের পিছু ধাওয়া করেন । ধাওয়া করে রাজধানীর পশ্চিম থানাধীন জয়পুর সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশী যুবককে আটক করতে সক্ষম হন বিএসএফ জওয়ানরা ।অপর যুবকটি পালিয়ে যেতে সক্ষম হয়েছে। বিএসএফ জওয়ানরা ধৃত বাংলাদেশী যুবকটিকে জিজ্ঞাসাবাদ চালানোর পর পশ্চিম থানার হাতে তুলে দেন ।রাতে পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি এই সংবাদ জানান। তিনি জানান ,ধৃত বাংলাদেশী যুবকের নাম সাইমন মিয়া ,বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায় ।তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।এই সীমান্ত পারাপারের ঘটনায় তার সাথে জড়িত অন্যান্যদের নাম জানার চেষ্টা করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানান তিনি। এদিকে পালিয়ে যেতে সক্ষম হওয়া ওপর বাংলাদেশী যুবককে জালে তুলতে রাজধানীর জয়পুর সীমান্ত এলাকায় বিএসএফের ৪২ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা জোড় তল্লাশি অভিযান চালিয়েছে। পশ্চিম থানার পুলিশও রামনগর ফাঁড়ির পুলিশ কে সাথে নিয়ে জয়পুর এলাকায় অভিযান চালিয়েছে বলে জানা গেছে