img


ধর্মনগরে পৌঁছাল নির্বাচন কমিশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল


আইনেট  প্রতিনিধিঃ     উত্তর ত্রিপুরার ৫৬–ধর্মনগর বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য উপনির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি খতিয়ে দেখতে ধর্মনগরে পৌঁছাল নির্বাচন কমিশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। উপনির্বাচনের দিনক্ষণ এখনও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা না হলেও নির্বাচন প্রক্রিয়ার প্রস্তুতি পর্যবেক্ষণ করতেই এই সফর বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।   প্রধান সচিব এন. টি. ভুটিয়া এবং সচিব সন্তোষ কুমার দুবের নেতৃত্বে নির্বাচন কমিশনের প্রতিনিধিদল বৃহস্পতিবার ধর্মনগরে এসে সংশ্লিষ্ট প্রশাসনিক ও পুলিশ আধিকারিক দের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকে অংশ নেন।এই বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার জেলা নির্বাচন আধিকারিক (ডিইও), উত্তর ত্রিপুরার পুলিশ সুপার, ধর্মনগরের এসডিএমসহ নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত অন্যান্য আধিকারিকরা। বৈঠকে আসন্ন উপনির্বাচনকে কেন্দ্র করে ভোটগ্রহণের সার্বিক প্রস্তুতি, আইন–শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, ভোটকেন্দ্র গুলোর অবস্থা, ইভিএম ও ভিভিপ্যাট সংরক্ষণ এবং নির্বাচনী কর্মীদের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রশাসনিক সূত্রে জানা যায়, নির্বাচন কমিশনের প্রতিনিধিদল বিশেষভাবে ভোটকেন্দ্র গুলোর অবকাঠামো, সংবেদনশীল ও অতি সংবেদনশীল বুথ চিহ্নিতকরণ, নিরাপত্তা বাহিনী মোতায়েনের পরিকল্পনা এবং ভোটারদের জন্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করার বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও পুলিশকে সমন্বয় রেখে কাজ করার ওপরও জোর দেওয়া হয়।    এছাড়াও, ভোটার তালিকার হালনাগাদ অবস্থা, নির্বাচনী সামগ্রী সংরক্ষণ এবং ভোটগ্রহণের দিন বিভিন্ন দপ্তরের প্রস্তুতি নিয়েও আলোচনা করা হয়। নির্বাচন কমিশনের প্রতিনিধিদল জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে বিস্তারিত রিপোর্ট সংগ্রহ করেন বলেও জানা গেছে।উল্লেখ্য, ৫৬–ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তৎপরতা শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল মাঠে নেমে প্রচার ও জনসংযোগ শুরু করেছে।