
আইনেট প্রতিনিধিঃ ২০৪৭ সালের বিকশিত ভারত সম্পর্কে যুব সমাজের অভিমত যাচাই করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় যুব দিবসে বিকশিত ভারত ইয়ুথ পার্লামেন্ট নামে ভিন্নধর্মী এক অনুষ্ঠানের শুরু করেছেন ।এই অনুষ্ঠানের অঙ্গ হিসেবেই শনিবার রাজ্য বিধানসভায় রাজ্যভিত্তিক বিকশিত ভারত ইউথ পার্লামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠান পরিচালনা করেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী রতন লাল নাথ ,কংগ্রেস বিধায়ক বিরোজিৎ সিনহা ,ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী টিংকু রায় প্রমূখ ।এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ের নির্বাচিত ছাত্র-ছাত্রীরা ।এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিকশিত ভারত ইয়ুথ পার্লামেন্টের ইতিহাস তুলে ধরেন মন্ত্রী টিঙ্কু রায় ।তিনি বলেন ,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুব উৎসবকে নাচ গান আর বক্তৃতার মধ্যে সীমাবদ্ধ না রেখে এই ধরনের অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নিয়েছেন ।দেশের সার্বিক উন্নয়নে যুবসমাজের কাছ থেকে পরামর্শ গ্রহণ করতেই প্রধানমন্ত্রীর এই উদ্যোগ ।মন্ত্রী আরো বলেন, রাজ্য সরকার রাজ্যের যুব সম্প্রদায়ের বিকাশের লক্ষ্যে একাধিক পরিকল্পনা হাতে নিয়ে কাজ করে চলছে। তিনি বলেন ,গ্রুপ ডি'র চাকরি পেতে লাইনে দাঁড়ানোর জন্য যুব সম্প্রদায় নয় ।আমরা চাই যুবকরা যেন নিজেরা আত্মনির্ভর হতে পারে ।এই দিশাতেই সরকার কাজ করে চলছে। এরই ফলস্বরূপ আজ নতুন শিক্ষা নীতি চালু হওয়ার পর বিদ্যালয় গুলিতে ব্যাপক পরিকাঠামোগত পরিবর্তন হয়েছে।