
আইনেট প্রতিনিধিঃ বকেয়া মহার্ঘ ভাতা প্রদান নিয়ে কর্মচারীদের মধ্যে একটা চাপা গুঞ্জন চলছিল। অবশেষে সোমবার বিধানসভায় মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ।এদিন বিধানসভায় বাজেট পেশের পরই মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের কর্মচারীদের জন্য আরো পাঁচ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান করা হবে ।এই মহার্ঘ ভাতা কার্যকরী করা হবে ১ এপ্রিল ২০২৬ সাল থেকে ।মুখ্যমন্ত্রী আরও জানান ,এই মহার্ঘ ভাতা ঘোষণায় রাজ্যের মোট ১ লক্ষ ২ হাজার ৫৬৩ জন নিয়মিত কর্মচারী উপকৃত হবেন ।একই সাথে উপকৃত হবেন ৮১ হাজারের কিছু বেশি অবসরপ্রাপ্ত কর্মচারীরা। এদিন মুখ্যমন্ত্রী আরও জানান ,রাজ্যের অনিয়মিত কর্মচারীরাও এর সুবিধা পাবেন ।এই পাঁচ শতাংশ মহার্ঘ ভাতা প্রদানে রাজ্য সরকারের ৫০০ কোটি টাকা খরচ হবে বলে জানান মুখ্যমন্ত্রী ।এদিন মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে টেবিল চাপড়ে অভিনন্দন জানান বিধানসভার ট্রেজারি বেঞ্চের সদস্যরা। উল্লেখ্য ২০২৫ সালের অক্টোবর মাসে রাজ্য সরকার রাজ্যের কর্মচারীদের জন্য ৩ শতাংশ ডিএ ঘোষণা করেছিল। এর ফলে কর্মচারীরা ৩৬ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন ।এই ক্ষেত্রে কেন্দ্রীয় কর্মচারীদের সাথে রাজ্যের কর্মচারীদের ডিএ প্রাপ্তির ক্ষেত্রে ব্যবধান ছিল ২২ শতাংশ ।