
আইনেট প্রতিনিধিঃ কেন্দ্রীয় সরকার গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি করেছে। প্রতি গ্যাসের সিলিন্ডারের মূল্য ৬০ টাকা বাড়ানো হয়েছে ।এই ঘোষণার প্রায় সাথে সাথেই গ্যাস সিলিন্ডারের সংকট নিয়ে সারাদেশে হইচই পড়ে গেছে ।রাজ্যেও এর কিছুটা আঁচ পরে ।এদিন বিধানসভার অধিবেশনে সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় জানতে চান ,রাজ্যে গ্যাসের কালোবাজারি চলছে কিনা ।গ্যাসের সিলিন্ডার মূল্যের উপর রাজ্য সরকার কোন ভর্তুকি প্রদান করবে কিনা। এই প্রশ্নের জবাবে বৃহস্পতিবার বিধানসভায় খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী জানান ,রাজ্যে গ্যাসের যোগান সন্তোষজনক রয়েছে ।আগামী এক মাসের মজুদ ররয়েছে।কোথাও কালোবাজারি হচ্ছে না এই বিষয়ে কোন নির্দিষ্ট অভিযোগ থাকলে পরে তাকে অভিযোগ জানাতে বলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। খাদ্য মন্ত্রীর উত্তরের পরিপ্রেক্ষিতে পয়েন্ট অফ ক্লারিফিকেশন এনে কংগ্রেস বিধায়ক গোপালচন্দ্র রায় বলেন ,বর্তমানে গ্যাস সিলিন্ডারের মূল্য হাজার টাকার উপর ছাড়িয়ে গেছে। এই অবস্থায় রাজ্য সরকার রাজ্যবাসীর সুবিধার্থে কোন ভর্তুকি দেবে কিনা সেই বিষয়টি জানতে চেয়েছিলেন তিনি। উত্থাপিত প্রশ্ন অনুসারে উত্তর না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন কংগ্রেস বিধায়ক গোপালচন্দ্র রায়। এদিন সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে বিধানসভায় বেশ কিছুটা সময় ধরে বাদানুবাদ চলে।