
আইনেট প্রতিনিধিঃ চলতি মাসের ১৭ ইং মার্চ ভোর প্রায় চারটা নাগাদ গোমতি জেলা পরিষদ অফিসে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকাজুড়ে। অভিযোগ, দুষ্কৃতীকারীরা অফিসের ইন্টেরিয়র কাজের জন্য রাখা মূল্যবান ইলেকট্রনিক সামগ্রী চুরি করে নিয়ে যায়। পরদিন, অর্থাৎ ১৮ ইং মার্চ সকালে জেলা পরিষদ অফিসের কর্মীরা অফিস খুলতে গিয়ে ভেতরের এলোমেলো অবস্থা দেখে সন্দেহ প্রকাশ করেন। সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হয় উদয়পুরের রাধাকিশোরপুর থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে এবং অফিসের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে।
তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র মেলে সিসিটিভি ফুটেজ থেকেই। পুলিশ ফুটেজ খতিয়ে দেখে চুরির সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে শনাক্ত করতে সক্ষম হয়। তারা হল কুখ্যাত চোর সুমন মিয়া এবং কামিজ মিয়া।
এরপর দ্রুত পদক্ষেপ নিয়ে ১৯ শে মার্চ বিকেলে রাজারবাগ মুসলিম পাড়ায় অভিযান চালায় রাধাকিশোরপুর থানার পুলিশ। সেখান থেকে অভিযুক্ত সুমন মিয়া ও কামিজ মিয়াকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
উদয়পুর মহকুমার পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় জানান, সিসিটিভি ফুটেজের সাহায্যেই দ্রুত অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। ধৃতদের বিরুদ্ধে একাধিক পুরনো অপরাধের অভিযোগ রয়েছে। সুমন মিয়ার বিরুদ্ধে পূর্বে ৭টি এবং কামিজ মিয়ার বিরুদ্ধে ৩টি চুরির মামলা নথিভুক্ত রয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, শুক্রবার ধৃতদের জেলা ও দায়রা জজ আদালতে তোলা হবে। পুরো ঘটনার তদন্ত চলছে এবং চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। চুরি যাওয়া সামগ্রী বাজার মূল্য দেড় লক্ষ টাকা হবে জানিয়েছে।