
আইনেট প্রতিনিধিঃ অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের বিভিন্ন দাবি দীর্ঘদিন ধরে মানা হচ্ছে না বলে অভিযোগ ।তাই ৫ দফা দাবির ভিত্তিতে বিক্ষোভ প্রদর্শনের জন্য শনিবার রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে সমবেত হন অল ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী ও হেলপার নামে সংগঠনের কর্মীরা। স্বামী বিবেকানন্দ ময়দান থেকে মিছিল করে গান্ধী মূর্তির পাদদেশে গিয়ে বিক্ষোভ প্রদর্শনে সামিল হওয়ার কথা ছিল তাদের। কিন্তু কোন অনুমতি না থাকায় পুলিশ তাদের মিছিল করতে দেয়নি ।স্বামী বিবেকানন্দ ময়দানেই তাদের আটকে রাখে ।এই নিয়ে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন । এদিন তারা জানান ,সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের নির্দেশ মানা হচ্ছে না ,তাদের গ্রাচুইটি প্রদান করা হচ্ছে না, অন্যান্য সরকারি কর্মচারীদের মতো সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে না ।এই সমস্ত দাবি গুলি পূরণ করতে হবে। পাশাপাশি অবসর গ্রহণের সময়ে অঙ্গনওয়াড়ি কর্মীদের ৫ লক্ষ টাকা এবং সহায়িকাদের ৪ লক্ষ টাকা করে প্রদান করতে হবে। এদিন তারা আরও জানান, তাদের আশা ছিল চলতি বিধানসভার অধিবেশনে তাদের এই দাবিগুলি তুলে ধরা হবে ।কিন্তু কেউ বিধানসভায় তাদের জন্য একটি কথাও বলেননি ।তাই তারা এদিন মুখ্যমন্ত্রী এবং সমাজ কল্যাণ মন্ত্রীর সাথে দেখা করতে এসেছেন বলে জানান ।