
আইনেট প্রতিনিধিঃ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রচুর ইয়াবা ট্যাবলেট সহ ১ নেশা কারবারীকে জালে তুলল বোধজং নগর থানার পুলিশ। শনিবার রাতে পুলিশ খবর পায় ,বোধজং নগর থানাধীন পশ্চিম নোয়াবাদি এলাকায় একজনের বাড়িতে প্রচুর পরিমাণ নেশা সামগ্রী রয়েছে। খবর পেয়েই ওসি প্রশান্ত কুমার দে'র নেতৃত্বে বিশাল পুলিশ পশ্চিম নয়াবাদী এলাকার সংশ্লিষ্ট বাড়িতে অভিযান চালায়। অভিযান কালে জিরানিয়া মহাকুমার একজন ডিসিএম উপস্থিত ছিলেন । অভিযান চালিয়ে পুলিশ সংশ্লিষ্ট ব্যক্তির বাড়ি থেকে ১১ হাজার ৮০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ।সাথে সাথেই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে ।রবিবার সকালে বোধজং নগর থানার ওসি প্রশান্ত কুমার দে এই সংবাদ জানান। তিনি জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট গুলির বাজার মূল্য প্রায় ১২ লক্ষ টাকা ।এনডিপিএস ধারায় মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানান ওসি প্রশান্ত কুমার দে। ওসি প্রশান্ত কুমার দে জানান ,জিজ্ঞাসাবাদে কিছু তথ্য জানিয়েছে ধৃত ব্যক্তি। এই তথ্যগুলি যাচাইয়ের প্রয়োজন রয়েছে ।তাই ধৃত ব্যক্তিকে ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে রবিবার আদালতে সোপর্দ করা হবে ।তিনি আরো জানান ,ধৃত অভিযুক্ত একজন পাম্প অপারেটর। ২০২২ সালেও এনডিপিএস- এর মামলায় তাকে একবার গ্রেফতার করা হয়েছিল।