
আইনেট প্রতিনিধিঃ রবিবার আগরতলা টাউন হলে ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়নের ১১ তম সম্মেলন এবং জুট মিল পেনশনার্স ওয়েলফেয়ার সোসাইটির তৃতীয় সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয় ।এই সম্মেলন এবং অধিবেশনের উদ্বোধন করেন রাজ্যের বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ধনমনি সিং। এই সম্মেলন প্রসঙ্গে সংগঠনের সাধারণ সম্পাদক ধনমনি সিং জানান ,উচ্চ আদালতের রায়ের দুই বছর সময় পেরিয়ে গেলেও রাজ্য সরকার কর্মচারীদের ন্যায্য পাওনা সঠিকভাবে মিটিয়ে দিচ্ছে না ।এর জন্য পুনরায় মামলা করা হয়েছে। এরপরও সরকার নানান তালবাহানা শুরু করেছে। শ্রমিকদের এই বকেয়া প্রাপ্তি যেন অতি তাড়াতাড়ি পাওয়া যায় তার জন্য এই সম্মেলন থেকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান তিনি। এদিন ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব ধনমণি সিং আরো জানান, দাবি পূরণের লক্ষ্যে আগামী ৪ এপ্রিল জুট মিলের এমডির নিকট গণ নোটিশ প্রদান করা হবে। এই সম্মেলনের প্রধান অতিথি তথা উদ্বোধক রাজ্যের বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন জানান, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারের কাছ থেকে যে দাবি আদায় করা সম্ভব রাজ্যের কর্মচারীদের ইতিহাসে এর প্রমাণ রেখেছেন জুট মিলের শ্রমিক কর্মচারীরা ।তাদের এই লড়াকু মানসিকতাকে সম্মান জানাতেই তিনি সম্মেলনে উপস্থিত হয়েছেন ।এদিন এই সম্মেলন থেকে ১৯৯৬ সালে জুটমিল শুরুর সময়ে যে ১ হাজার ৬৪৭ জন কর্মচারী ছিলেন,তাদের নামের তালিকা প্রকাশ করা হয়।