
আইনেট প্রতিনিধিঃ বিশালগড়ের নেতাজী নগরের গুলি কান্ড অবশেষে বিধানসভা পর্যন্ত গড়ালো। গত শনিবার বিকেল এবং গভীর রাতে বিশালগড় থানাধীন নেতাজী নগর এলাকার ঠিকেদার অনুপ সাহার বাড়িতে ৫০ লক্ষ টাকা দাবি করে একদল দুষ্কৃতী গুলি চালায় ।এই ঘটনার মাস্টারমাইন্ড বিশালগড় এলাকারই এক দুষ্কৃতী রণবীর দেবনাথ। সোমবার বিধানসভায় শূন্য কালে সংশ্লিষ্ট বিষয়ে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেন কংগ্রেস বিধায়ক গোপালচন্দ্র রায় ।তিনি জানান ,রাজ্যে অস্ত্রের ঝংকার চলছে ।কিছুদিন আগেই জম্পুইজলায় গুলি কাণ্ডের ঘটনা ঘটে ।এর পরেই বিশালগড়ে এই ঘটনা ঘটলো ।সংশ্লিষ্ট বিষয় নিয়ে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেন তিনি। এদিন বিশালগড়ের এই গুলি কাণ্ড নিয়ে বিধানসভায় বিবৃতি দিয়ে মুখ্যমন্ত্রী জানান ,ঘটনাটি বিশালগড় থানার জিডি তে নথিভুক্ত করা হয়েছে ।রণবীর দেবনাথের সাথে অনুপ সাহার দীর্ঘদিনের সুসম্পর্ক ছিল ।ঘটনার পর রণবীর দেবনাথের পিতা মাতা অনুপ সাহার বাড়িতে ছুটে আসেন এবং এই ঘটনার উদ্বেগ প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী আরও জানান, গুলি কাণ্ডে প্রথমে বিশালগড় থানার এসআই মিঠু সাহার নেতৃত্বে মামলা নিয়ে তদন্ত শুরু করা হয়। পরবর্তী সময়ে সিপাহীজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে একটি এসআইটি গঠন করে পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও বিশালগড় থানায় একাধিক মামলা ছিল বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন ,অভিযুক্ত রণবীর দেবনাথ কে অবিলম্বে গ্রেপ্তার করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।