img


চৈত্র সেলের টোকেন পেতে দুদিন আগেই লাইন দিলেন ক্ষুদ্র ব্যবসায়ীরা


আইনেট  প্রতিনিধিঃ    অন্যান্য বছরের মত এবারও এক এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত রাজধানীতে চৈত্র সেল বা রিডাকশন মেলা অনুষ্ঠিত হতে চলছে ।   এবারো বিষয়টি দেখভাল করবে আগরতলা পৌরনিগম কর্তৃপক্ষ ।    চব্বিশ মার্চ থেকে এর জন্য ইচ্ছুক ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকান ভিটির টোকেন প্রদানের কথা নিগম কর্তৃপক্ষ জানিয়েছে ।সংবাদপত্রে বিজ্ঞাপনের মাধ্যমেই আগরতলা পৌরনিগম কর্তৃপক্ষ এই কথা জানিয়েছে। এর মধ্যেই কোন একটি মহল থেকে গুজব রটানো হয় ,২৩ মার্চ থেকে চৈত্র মেলার দোকান ভিটির টোকেন দেওয়া হবে। মুহূর্তেই এই গুজব সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ।আর এই গুজবে কান দিয়েই রবিবার দুপুর থেকে আগরতলা পৌরনিগমের কার্যালয়ের বাইরে ক্ষুদ্র ব্যবসায়ীদের লাইন পড়ে যায় ।রবিবার গভীর রাতেও দেখা যায় ক্ষুদ্র ব্যবসায়ীদের এই লাইন ক্রমশ দীর্ঘ রূপ ধারণ করছে ।অনেকেই লাইনে অংশ নিয়ে মাদুর পেতে ঘুমের দেশে পাড়ি দিয়েছেন ।অনেকে আবার বসে বসে গল্প করে সময় কাটাচ্ছেন ।রবিবার রাতে সংশ্লিষ্ট বিষয়ে জানতে চাওয়া হলে এক মহিলা ব্যবসায়ী জানান ,প্রতিবছরই রিডাকশন সেলে অংশগ্রহণ করেন তিনি। জিবিকা নির্বাহের পথ কিছুটা সুগম করতেই চৈত্র মেলায় অংশ নেন ।এবারও চৈত্র মেলার ভিটির টোকেন পেতে লাইনে দাঁড়িয়েছেন তিনি ।অন্যান্যদের মত  তিনিও লাইন ছেড়ে চলে যাবেন না বলে জানান।  শুধুমাত্র শহর এবং শহরতলীর ক্ষুদ্র ব্যবসায়ীরাই ননচৈত্র সেলের ভিটির টোকেন পেতে বিশালগড় ,বিশ্রামগঞ্জ, মোহনপুর , তেলিয়ামুড়া এমনকি আমবাসা থেকেও ক্ষুদ্র ব্যবসায়ীরা ছুটে এসেছেন আগরতলা পৌর নিগমের কার্যালয়ের সামনে। আলোচনাক্রমে জানা গেছে, অনেকে আবার ভিটির টোকেন বিক্রি করার জন্য লাইনে দাঁড়িয়েছেন ।   এক একটি ভীটির টোকেন মূল্য দশ হাজার টাকারও বেশি বলে জানা গেছে।