
আইনেট প্রতিনিধিঃ ৪৮ ফুট উঁচু নবনির্মিত চূড়া উন্মোচনের মধ্য দিয়ে রাজধানীর নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের মহানাম অঙ্গন মন্দিরের নির্মাণ কাজের পূর্ণতা প্রাপ্তি হল ।বৃহস্পতিবার বাসন্তী পূজোর মহাঅষ্টমী তিথিতে নবনির্মিত এই মন্দির চূড়ার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার ,কর্পোরেটর রত্না দত্ত ,মন্দিরের পরিচালন কমিটির সম্পাদক সুদীপ কুমার রায় ,কলকাতা থেকে আগত বন্ধুরূপ ব্রহ্মচারী সহ অন্যান্যরা । ভক্তদের অনুদানে মোট ১৯ লক্ষ টাকা ব্যয়ে মন্দির চূড়া নির্মাণ করা হয়। মন্দিরের চূড়ার উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকে বিশেষ পূজার আয়োজন করা হয় । শুক্রবার সকাল আটটায় মন্দিরে বন্ধু স্মরণ মঙ্গল যজ্ঞ ও পবিত্রকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে । এরপর অনুষ্ঠিত হবে ভোগ নিবেদন ও প্রসাদ বিতরণ । পাশাপাশি মন্দিরের চূড়া উদ্বোধন উপলক্ষে ধর্ম সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের সম্পাদক সুদীপ কুমার রায় এই সংবাদ জানান। উল্লেখ্য ১৯৮২ সালের ১০ সেপ্টেম্বর এই মন্দিরটি স্থাপন করা হয়। মন্দির স্থাপনের ৪৪ বছর পর চূড়া উন্মোচনের মাধ্যমে মন্দিরের পূর্ণরূপ প্রদান করা হলো।