
আইনেট প্রতিনিধিঃ এডিসি নির্বাচনের দামামা ইতিমধ্যেই বেজে উঠেছে। একদিকে যখন রাজনৈতিক দলগুলির প্রার্থীরা নিজেদের প্রচারে ব্যস্ত, ঠিক তখনই সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা নিচ্ছে প্রশাসন।আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা জেলায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচন প্রক্রিয়া নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে শনিবার শান্তির বাজার এবং মনু বাজার এলাকায় আয়োজন করা হয় এক বিশাল রোড মার্চ। এই রোড মার্চ অনুষ্ঠিত হয় ২৬ নম্বর বীরচন্দ্র ও কলসী কেন্দ্র এবং ২২ নম্বর কাঁঠালিয়া-মির্জা কেন্দ্রজুড়ে। রোড মার্চে অংশগ্রহণ করে জেলা পুলিশ বাহিনী এবং টিএসআর-এর ৯ ও ১৪ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। তাদের উপস্থিতি এলাকায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার বার্তা পৌঁছে দেয়।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি, পুলিশ সুপার Mourya Krishna C, আইপিএস, টিএসআর নবম ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডেন্ট, এসডিপিও সহ অন্যান্য উচ্চপদস্থ প্রশাসনিক ও পুলিশ আধিকারিকরা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটারদের মধ্যে আস্থা বাড়ানো এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ধরনের রোড মার্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দক্ষিণ ত্রিপুরা জেলার বিভিন্ন সংবেদনশীল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।