
আইনেট প্রতিনিধিঃ মহারাজগঞ্জ বাজারের লালমাটিয়া বিপনী বিতানের হত্যাকাণ্ডের তদন্তে সাফল্য পেল পূর্ব থানার পুলিশ। এই ঘটনায় জড়িত অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে ।তার নাম লিটন সাহা ।সেও নিহত নির্মাণ শ্রমিক কৃষ্ণ ভট্টাচার্যের মতো ভবঘুরে, বাড়ি ঘরে যেত না ।দিনে জোগালি মিস্ত্রীর কাজ করত, রাত কাটাতো লালমাটিয়ার বিপণী বিতানেই ।এদিন অভিযুক্তকে গ্রেফতারের সংবাদ জানাতে গিয়ে পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ বলেন ,হত্যাকাণ্ডের ঘটনার তদন্তে নেমে নিহত কৃষ্ণ ভট্টাচার্যের সাথে আর কে কে বিপনী বিতানে রাত কাটাত সেই তালিকা তৈরি করেন তারা ।পুলিশ জানতে পারে, লিটন সাহা নামে এক ভবঘুরে কৃষ্ণর সাথে রাত যাপন করত ।তার চোখে একটি আঘাতের চিহ্ন রয়েছে ।এই আঘাতের চিহ্ন দেখেই সন্দেহজনকভাবে গত ২৭ মার্চ তাকে গ্রেফতার করা হয় ।পুলিশ রিমান্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিহত কৃষ্ণ ভট্টাচার্যকে চিনতনা বলেই জানায় ।পরে পুলিশের ধারাবাহিক জেরায় ভেঙে পড়ে লিটন সাহা এবং খুনের ঘটনা স্বীকার করে ।এদিন পূর্ব থানার ওসি আরো জানান ,২২ মার্চ রাতে লিটন এবং নিহত কৃষ্ণ একই সাথে ছিল ।কোন একটি বিষয় নিয়ে তাদের মধ্যে বাক বিতন্ডা শুরু হয় ।এই বাক বিতন্ডা হাতাহাতিতে গড়ায়। সেই সময় চোখে আঘাত লাগে লিটন সাহার। লিটন তখন উত্তেজিত হয়ে তাদের সাথে থাকা কাজ করার কোদালের পেছন দিক দিয়ে কৃষ্ণ ভট্টাচার্যের মাথায় আঘাত করে ।এতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে কৃষ্ণ ।পরে তার মৃত্যু হয়।