img


সিপিআইএম প্রার্থীর সমর্থনে মুঙ্গিয়াকামী বাজার এলাকায় এক বর্ণাঢ্য মিছিল ও বাজার সভা


আইনেট  প্রতিনিধিঃ     আসন্ন স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচনকে সামনে রেখে ১১ মহারানীপুর কেন্দ্রের সিপিআইএম প্রার্থীর সমর্থনে মঙ্গলবার মুঙ্গিয়াকামী বাজার এলাকায় এক বর্ণাঢ্য মিছিল ও বাজার সভা অনুষ্ঠিত হয়। এদিনের কর্মসূচিকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

প্রথমে মুঙ্গিয়াকামী এলাকা থেকে একটি মিছিল শুরু হয়ে বাজার এলাকায় এসে সমাপ্ত হয়। পরবর্তীতে সেখানে এক বাজারসভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, ১১ মহারানীপুর কেন্দ্রের সিপিআইএম প্রার্থী রতন কিশোর জমাতিয়া, তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদক সুভাষ নাথ সহ অন্যান্য নেতৃত্বরা।

সভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী রাজ্য সরকার ও এডিসি প্রশাসনের তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করে বলেন, বর্তমান শাসকগোষ্ঠীর আমলে সাধারণ মানুষের নানাবিধ সমস্যা বেড়েই চলেছে এবং উন্নয়নের ক্ষেত্রে স্থবিরতা দেখা দিয়েছে। তিনি দাবি করেন, স্বশাসিত জেলা পরিষদে সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হলে সিপিআইএম প্রার্থীকে জয়ী করতে হবে।

এছাড়াও তিনি কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ঘরে ঘরে গিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে এবং সরকারের ব্যর্থতার কথা তুলে ধরতে হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণ পরিবর্তনের পক্ষে রায় দেবে এবং আসন্ন নির্বাচনে সিপিআইএম ভালো ফল করবে।