img


না ফেরার দেশে চলে গেছেন সাংবাদিক রবি সিং।


আইনেট  প্রতিনিধিঃ       দীর্ঘদিনের অসুস্থতার সঙ্গে অদম্য লড়াই করে শেষ পর্যন্ত হার মানলেন গন্ডাছড়ার বরিষ্ঠ সাংবাদিক রবি সিং। সোমবার তিনি না ফেরার দেশে চলে গেছেন। তাঁর অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গন্ডাছড়া তথা সমগ্র ত্রিপুরা এবং ধলাই জেলার সংবাদ মহলে নেমে আসে গভীর শোকের ছায়া। সাংবাদিকতার দীর্ঘ জীবনে রবি সিং ছিলেন এক নিরলস কলমযোদ্ধা। পাহাড়ি জনপদের প্রান্তিক মানুষের কথা, তাঁদের অভাব-অনটন, অধিকারবঞ্চনার করুণ ছবি তিনি অকুতোভয়ে তুলে ধরেছেন তাঁর লেখায়। ক্ষমতার সামনে মাথা না নুইয়ে, নিজের কলমকে অস্ত্র করে তিনি লড়াই করেছেন সাধারণ মানুষের পক্ষে। গন্ডাছড়া প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি হিসেবে তিনি স্থানীয় সাংবাদিকতাকে দিয়েছিলেন একটি মর্যাদার আসন। যে কলম একদিন অন্যের দুঃখের কথা লিখেছিল, আজ সেই কলম থেমে গেছে। যে মানুষটি অন্যের যন্ত্রণার কথা পাঠকের কাছে পৌঁছে দিতেন নিজেই বহুদিন ধরে বহন করেছিলেন কঠিন অসুস্থতার যন্ত্রণা। তবু পরিচিতজনদের ভাষ্যমতে,   অসুস্থতার মধ্যেও তিনি সাংবাদিকতার প্রতি তাঁর দায়বদ্ধতা ভোলেননি। গন্ডাছড়া প্রেস ক্লাবের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে, এবং মহকুমার সমস্ত সাংবাদিক তাকে শেষ শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে। প্রেস ক্লাব সূত্রে জানানো হয়েছে, রবি সিং ছিলেন এই অঞ্চলের সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ। তরুণ সাংবাদিকদের কাছে তিনি ছিলেন অনুপ্রেরণার উৎস। তাঁর মৃত্যুতে গন্ডাছড়ার সাংবাদিক সমাজ এক অভিভাবক হারাল। রবি সিং-এর চলে যাওয়া শুধু একটি পরিবারের ক্ষতি নয়, এ ক্ষতি গোটা সাংবাদিক সমাজের। যে মানুষ সারাজীবন অন্যের হয়ে কথা বলেছেন, তাঁর কথা বলার এখন দায়িত্ব নিতে হবে আমাদেরই। তাঁর স্মৃতি অমলিন থাকবে তাঁর লেখায়, তাঁর প্রতিবাদে, তাঁর সাংবাদিকতার নির্ভীক উত্তরাধিকারে। তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করা হচ্ছে। পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি জানানো হচ্ছে গভীর সমবেদনা।তিনি রেখে গেছেন স্ত্রী এক পুত্র ও পুত্র বধূ আরো অনেক আত্মীয়-স্বজন,