
আইনেট প্রতিনিধিঃ কমলপুর মহকুমার পশ্চিম লম্বুছড়া এলাকায় তিপ্রা মথা দলের পক্ষ থেকে সড়ক অবরোধকে ঘিরে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। অবরোধ তুলতে গেলে পুলিশ ও টি.এস.আর বাহিনী মথা কর্মীদের তীব্র বাধার মুখে পড়ে । পরিস্থিতি দ্রুতই সংঘর্ষে রূপ নেয়।
মথা কর্মীদের ছোঁড়া ইট-পাথরে আহত হন কমলপুর মহকুমা পুলিশ আধিকারিক, এক মহিলা কনস্টেবলসহ সহ মোট ১২ জন টি.এস.আর জওয়ান। আহতদের দ্রুত কমলপুরের বিমল সিনহা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এদিকে, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুল সংখ্যক পুলিশ ও টি.এস.আর বাহিনী মোতায়েন করা হয়েছে । বর্তমানে পশ্চিম লম্বুছড়া এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ঘটনার সূত্রপাত হয়, যখন হালহালি-আশারামবাড়ি কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী অনন্ত দেববর্মার প্রচারের জন্য ওই এলাকায় যায় তখন মথা কর্মীরা সড়ক অবরোধ করে রাখে।
অন্যদিকে, পশ্চিম লম্বুছড়ার ঘটনার পরপরই ২০৮ নং জাতীয় সড়কের শ্রীরামপুর আনন্দ বাজার এলাকায় আরও একটি হামলার ঘটনা ঘটে। সেখানে তিপ্রা মথা সমর্থকদের আক্রমণের শিকার হন বিধায়ক মনোজ কান্তি দেব ও বিজেপি প্রার্থী অনন্ত দেববর্মার গাড়ি। এই হামলায় গাড়িতে থাকা অন্তত ৩ জন আহত হয়েছেন।
পুরো ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রচুর টিএসআর ও পুলিশ মোতায়ন করা হয়েছে।