
আইনেট প্রতিনিধিঃ আসন্ন এডিসি নির্বাচনকে অবাধ, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে খোয়াই জেলা ও মহকুমা প্রশাসন নির্বাচন বিধি মোতাবেক পরিকল্পনা গ্রহন করে চলেছে। শুক্রবার খোয়াই মহকুমা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের নির্বাচনী বৈঠকে নির্বাচনের রণকৌশল ও প্রস্তুতি খতিয়ে দেখা হয়। এদিন সকাল ঠিক ১১টা নাগাদ মহকুমা শাসকের কনফারেন্স হলে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি শুরু হয়। মূলত খোয়াই মহকুমা এলাকার অন্তর্গত ৯ হালাহালি আশারামবাড়ি এবং ১২ রামচন্দ্রঘাট এই দুইটি এডিসি নির্বাচনী কেন্দ্রের নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন খোয়াইয়ের জেলা শাসক রজত পন্থ, খোয়াই জেলা পুলিশ সুপার রানাদিত্য দাস সংশ্লিষ্ট কেন্দ্রের রিটার্নিং অফিসার তথা খোয়াই মহকুমা শাসক নির্মল কুমার এবং খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক সহ নির্বাচনের কাজে নিযুক্ত সিভিল ও পুলিশ সেক্টর অফিসাররা।বৈঠক শেষে সাংবাদিকদের সম্মেলনের আয়োজন করা হয়,জেলা শাসক ও পুলিশ সুপার নির্বাচনের দিন প্রতিটি বুথে কড়া নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেন। বিশেষ করে স্পর্শ কাতর এলাকাগুলোতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে পুলিশ সেক্টর অফিসারদের সতর্ক থাকতে বলা হয়েছে। সিভিল সেক্টর অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছেনির্বাচনের সময় পুলিশ এবং সিভিল প্রশাসনের মধ্যে সঠিক সমন্বয় বজায় রাখা অত্যন্ত জরুরি। এদিনের বৈঠকে সেক্টর অফিসারদের নিজেদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে পুনরায় অবগত করা হয়।রিটার্নিং অফিসারদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ভোটাররা যাতে কোনো ভয়ভীতি ছাড়াই ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।এদিনের এই গুরুত্বপূর্ণ বৈঠকে খোয়াই জেলা শাসক এবং জেলা পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন মহকুমা শাসক এবং নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত অন্যান্য পদস্থ আধিকারিকরা।