
আইনেট প্রতিনিধিঃ ঊনকোটি জেলার ফটিকরায় বিধানসভাধীন জগন্নাথপুর-তেলিয়া থেকে কুমারঘাটের সোনাইমুড়ি পর্যন্ত মনু নদীর উপর একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিলো পূর্বতন বাম সরকারের আমলে। পরবর্তীতে ক্ষমতার পালা বদলে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ২০২১ সালে এই সেতুর নির্মাণ কাজে হাত দেয় বিজেপি জোট সরকার। রাজ্যের পূর্ত দপ্তরের অধীনে কাজের বরাদ দেওয়া হয় বহিঃরাজ্যের তাতিয়া কনস্ট্রাকশন নামে একটি সংস্থাকে। অভিযোগ, শুরু থেকেই এই সেতুর নির্মাণ নিয়ে অনেক করি বসে করতে থাকে নির্মাণ সংস্থাটি। সঠিক সময়ে হাত দেওয়া হতোনা সেতু তৈরির কাজে। বিভিন্ন অভিযোগের মধ্যেই চলতি মাসের ৮ তারিখ নির্মাণ কাজ চলাকালীন মাঝ নদীতে ভেঙে পড়ে সেতুটি। অবশেষে পূর্ত দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে সেই ভাঙা সেতু পরিদর্শনে যান এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রি সুধাংশু দাস। প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি ক্ষোব উপড়ে দেন সেতু নির্মাণকারী তাতিয়া কনস্ট্রাকশন নামে সংস্থার বিরুদ্ধে। তার বক্তব্য এই সেতুটি এলাকার কৃষিজীবী অংশের মানুষ থেকে সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু নির্মাণ সংস্থার গাফিলতিতে সেতু নির্মাণের জন্য তৈরি করা একটি অংশের সাটারিং ভেঙে পড়ে ঢালাইয়ের কাজ করার সময়। তিনি অভিযোগ করেন, সঠিক সময়ে কাজ না করার ফলেই ঘটেছে এই বিপত্তি। তার অভিযোগ সেতু নির্মানের জন্য পূর্ত দপ্তর বহিঃ রাজ্যের তাতিয়া কনস্ট্রাকশনকে দায়িত্ব দিয়েছিল ২০২১ সালে এবং ২০২৫ সালের মধ্যে সম্পন্ন হওয়ার কথা ছিল সেই সেতুর নির্মাণ কাজ। কিন্তু নির্মাণ সংস্থার মর্জিমাফিক কাজের ফলে ২০২৫ সালেও সম্পন্ন হয়নি সেতুটির নির্মাণ কাজ। এতে নির্মাণ সংস্থার ভূমিকায় অসন্তোষ ব্যক্ত করেন মন্ত্রী। এবিষয়ে ঐ নির্মাণ সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পূর্ত দপ্তরের মন্ত্রীকে তিনি লিখিত আকারে অবগত করবেন বলে জানান মন্ত্রী সুধাংশু দাস।