
আইনেট প্রতিনিধিঃ পবিত্র ঈদের দিন সংঘটিত মঙ্গলখালী খালেদ হত্যাকাণ্ডের তদন্তে ফের সাফল্য পেল ধর্মনগর থানার পুলিশ। বিশেষ অভিযানে এই মামলার আরও দুই মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। শনিবার মধ্য রাতে উত্তর জেলার পদ্মবিল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ধৃতদের নাম আক্রাম আলি (২৮), পিতা মোঃ কুতুব আলি, বাসিন্দা মঙ্গলখালী, ওয়ার্ড নং১, এবং অপরজন হল আব্দুল নূর ওরফে জুবেল হোসেন। পুলিশ সূত্রে জানা গেছে, ধর্মনগর থানায় নথিভুক্ত মামলা নং ২০২৬ DMN ০১৭ (তারিখ: ২১ মার্চ ২০২৬)-এর ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) ২০২৩-এর একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।পুলিশ জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই অভিযুক্তদের উপর নজরদারি চালানো হচ্ছিল। অবশেষে গোপন সূত্রের খবরের ভিত্তিতে পদ্মবিল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা সম্ভব হয়। অভিযানের সময় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।জানা গেছে, ধৃতদের রবিবার আদালতে তোলা হবে।উল্লেখ্য, ঈদের দিন মঙ্গলখালী এলাকায় খালেদ আহমেদ নামে এক যুবককে খুনের অভিযোগ ওঠে মোট পাঁচজনের বিরুদ্ধে। ঘটনার পরপরই একজনকে গ্রেফতার করা হয়েছিল। পরবর্তী অভিযানে রাগনা এলাকা থেকে দুইজন এবং সর্বশেষ শনিবার আরও দুইজনকে গ্রেফতার করা হয়। ফলে এই মামলায় মোট গ্রেফতারির সংখ্যা দাঁড়াল পাঁচে।এই পাঁচ অভিযুক্তের গ্রেফতারির পর এলাকায় স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে পূর্ব থেকেই বিভিন্ন অভিযোগ ছিল। পুলিশের এই পদক্ষেপে তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী হবে বলে আশা করছেন।এখন নজর পুলিশের পরবর্তী তদন্ত এবং আদালতের পদক্ষেপের দিকে।