
আইনেট প্রতিনিধিঃ এডিসি নির্বাচনের ফল ঘোষণার পর ২৮ শিলাছড়ি মনুবনকুল কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী কংজঅং মগের জয়কে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। এই প্রেক্ষাপটে তিপ্রামথা পার্টির বিরুদ্ধে বনকুল এলাকায় লাগামহীন সন্ত্রাস চালানোর অভিযোগ তুলেছে বিজেপি। রবিবার পরিস্থিতি পর্যালোচনায় এলাকায় যান রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি ক্ষতিগ্রস্ত বিজেপি পার্টি অফিসগুলি ঘুরে দেখেন এবং আক্রান্ত কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলেন। জানা যায়, চাতকছড়ি এলাকায় একটি বিজেপি পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এছাড়া চালিতা বনকুলের বটতলী বাজারে একটি পার্টি অফিস ভাঙচুর করা হয় এবং নিকটবর্তী আরও একটি অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থমন্ত্রী বনফুল ভিউ পয়েন্ট এলাকাও পরিদর্শন করেন।