img


এডিসি নির্বাচনোত্তর সন্ত্রাস: ক্ষতিগ্রস্তদের পাশে মুখ্যমন্ত্রী, খোয়াইয়ের বিভিন্ন এলাকা পরিদর্শন


আইনেট  প্রতিনিধিঃ     নির্বাচনকে ঘিরে সন্ত্রাসের রাজনীতি দশকের পর দশক ধরে চলে আসছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি শান্তি চায়। মানুষের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে সরকার বদ্ধপরিকর।মঙ্গলবার খোয়াই মহকুমার সন্ত্রাসকবলিত এলাকাগুলি পরিদর্শনে গিয়ে এই কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা।টিটিএএডিসি নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই খোয়াই মহকুমার বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ ওঠে। ঘরবাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ এবং শারীরিক নির্যাতনের হাত থেকে মহিলারাও রেহাই পাননি বলে অভিযোগ। সন্ত্রাসের জেরে প্রায় তিন শতাধিক বিজেপি কর্মী-সমর্থক বর্তমানে জেলা কার্যালয়ে আশ্রয় নিয়েছেন।
এদিন দুপুর ১২টা নাগাদ মুখ্যমন্ত্রী প্রথমে খোয়াইয়ের বিজেপি জেলা কার্যালয়ে পৌঁছান। সেখানে আশ্রয় নেওয়া বিপন্ন পরিবারগুলোর সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন তিনি এবং তাঁদের আশ্বস্ত করেন। এরপর তিনি আশারামবাড়ি বিধানসভা কেন্দ্রের কচুবাড়ি এলাকায় যান। সেখানে বিজেপি নেতা রাজকুমার দেববর্মার ভস্মীভূত বাড়িটি স্বচক্ষে পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী।সর্বস্ব হারানো রাজকুমার বাবুর স্ত্রী মুখ্যমন্ত্রীকে দেখে কান্নায় ভেঙে পড়লে তিনি তাঁদের সবরকম সহায়তার আশ্বাস দেন।
সেখান থেকে মুখ্যমন্ত্রী সরাসরি চলে যান বিদ্যাবিলের রাম গোপাল বাড়িতে। সম্প্রতি সেখানে এক মহিলার ওপর হওয়া পাশবিক অত্যাচারের ঘটনা শুনে মুখ্যমন্ত্রী অত্যন্ত ব্যথিত হন।মুখ্যমন্ত্রীর এই পরিদর্শনে তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের পুলিশ মহাপরিচালক অনুরাগ ধনকর, বিধায়ক পিনাকী দাস চৌধুরীস হ প্রশাসনের শীর্ষ আধিকারিক ও দলীয় নেতৃত্বরা। পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমকে জানান, রাজনৈতিক প্রতিহিংসা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। শান্তি ও জনজীবন স্বাভাবিক রাখতে প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।