
আইনেট প্রতিনিধিঃ পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন পরেশ বিশ্বাস ।গত এক বছর আগে তিনি মারা যান ।পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিলেন পরেশ বিশ্বাস। তার আকস্মিক প্রয়াণে বৃদ্ধা মা ,অসুস্থ স্ত্রী এবং দুই কন্যা সন্তান আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ে ।প্রয়াত পরেশ বিশ্বাসের বৃদ্ধা মা বার্ধক্য জনিত কারণে কাজ করতে পারেন না ।তার স্ত্রী মনিকা বিশ্বাস অসুস্থ হয়ে পড়েন। এই অবস্থায় দুবেলা দুমুঠু ভাত জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে গোটা পরিবারটিকে ।বিভিন্ন সংবাদ মাধ্যমে এই অসহায় পরিবারের সংবাদ প্রকাশিত হয়। সংবাদ মাধ্যমের খবর পেয়ে মঙ্গলবার পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার মৃত পরেশ বিশ্বাসের কাঞ্চনমালাস্হিত বাড়িতে ছুটে যান ।পরিবারের সদস্যদের সাথে দীর্ঘক্ষণ কথাবার্তা বলেন তিনি ।মৃত পরেশ বিশ্বাসের দুই কন্যা সন্তানের হাতে এদিন স্কুলের পোশাক ,বই এবং খাতা তুলে দেন জেলা শাসক ।বিদ্যালয়ের পোশাক এবং শিক্ষা সামগ্রীর অভাবে দুই কন্যা স্কুলে যেতে পারছিল না ।এদিন পরিবারটির সাথে কথা বলে জেলা শাসক জানান, তাদেরকে সরকারিভাবে সব ধরনের সহযোগিতার হাত তিনি বাড়িয়ে দেবেন।