
আইনেট প্রতিনিধিঃ রাজ্যের এডিসি নির্বাচনোত্তর সময়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা নিরসনের লক্ষ্যে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা ইতিমধ্যে উচ্চপদস্ত প্রশাসনিক আধিকারিক ও পুলিশ আধিকারিকদের নিয়ে বৈঠক করেন। এই বৈঠকে মুখ্যমন্ত্রী আধিকারিকদের নির্দেশ দেন যারা রাজ্যকে অস্থির করে তোলার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য। মুখ্যমন্ত্রীর আহ্বানের প্রেক্ষিতে বৃহস্পতিবার পশ্চিম জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের যৌথ টিম মান্দাই এলাকা পরিদর্শন করেন। এদিনের এই টিমের নেতৃত্বে ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক ডা বিশাল কুমার। পাশাপাশি ছিলেন পশ্চিম জেলার এস পি নমিত পাঠক, পশ্চিম জেলা রুরাল এর এডিশনেল S P, ত্রিপুরা স্টেট রাইফেলসের দশম ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার সহ অন্যান্য আধিকারিকরা। জেলা শাসক মন্দাই ব্লক আধিকারিক এবং মান্দাই থানার ওসি সহ অন্যান্য অফিসারদের সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। সেই সঙ্গে নির্দেশ দেন। এই বিষয়ে জেলা শাসক ডা বিশাল কুমার সংবাদ মাধ্যমকে জানান, স্থানীয় প্রশাসনিক আধিকারিক সহ সাধারণ মানুষের সঙ্গে কথা বলে পরিস্থিতি সম্পর্কে তারা অবগত হয়েছেন। তিনি আরো বলেন, ভোট গণনার পর যে অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়েছিল ধীরে ধীরে তা কাটিয়ে স্বাভাবিক অবস্থায় আসছে। প্রশাসন থেকে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করার নির্দেশও দিয়েছেন।