
আইনেট প্রতিনিধিঃ সম্প্রতি এডিসির নির্বাচনের ঠিক প্রাক্কালে এডিসি প্রশাসন কোনরকম নিয়ম নীতির তোয়াক্কা না করেই ১২০ জনকে নিয়োগ করে। এডিসি প্রশাসনের বিভিন্ন দপ্তরে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ করা হয় ।এই নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবিতে সোমবার আগরতলায় বিক্ষোভ প্রদর্শন করেন একদল বেকার যুবক-যুবতী ।এদিন রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানের স্বামী বিবেকানন্দ মূর্তির সামনে সমবেত হয়ে সংশ্লিষ্ট বেকার যুবক যুবতীরা বিক্ষোভ প্রদর্শন করেন ।তাদের অভিযোগ, এই চাকরি গুলির জন্য পত্রপত্রিকায় কোনরকম বিজ্ঞাপন দেওয়া হয়নি। বিজ্ঞাপন দেওয়া হলে তারাও জানতে পারতেন এবং চাকরি পরীক্ষার সম্মুখীন হতে পারতেন। সম্পূর্ণ অবৈধভাবে এবং চুপিসারে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলেও তাদের অভিযোগ। বিক্ষোভ প্রদর্শনকারীদের দাবি ,অবিলম্বে এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে হবে এবং নতুন করে আইন ও নিয়ম নীতি মেনে পত্রপত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের মাধ্যমে চাকরির ইন্টারভিউর ব্যবস্থা করতে হবে।