img


পানীয় জলের তীব্র সংকট, রাস্তায় নেমে বিক্ষোভে সামিল এলাকাবাসী।


আইনেট  প্রতিনিধিঃ    পানীয় জলের তীব্র সংকটের জেরে বিলোনিয়া মহকুমার পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের মাইছড়া বীণাপাণি ক্লাব এলাকায় রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হলেন এলাকাবাসী। প্রায় ১০ দিনেরও বেশি সময় ধরে নিয়মিত পানীয় জল না পাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। অভিযোগ, বিদ্যুৎ বিভ্রাটের কারণে ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে জল সরবরাহ বন্ধ হয়ে যায়। সেই পরিস্থিতিতে বিকল্প ব্যবস্থা হিসেবে গাড়িতে করে পানীয় জল পৌঁছে দেওয়ার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তা সঠিকভাবে কার্যকর হচ্ছে না।

এলাকাবাসীর দাবি, শুরুতে কিছুদিন গাড়িতে জল সরবরাহ করা হলেও বর্তমানে সেটাও প্রায় বন্ধের মুখে। ফলে দৈনন্দিন জীবনে চরম সংকট তৈরি হয়েছে। পানীয় জল সংগ্রহ করতে বহু দূর যেতে হচ্ছে, যা নারী, শিশু ও বয়স্কদের জন্য বিশেষভাবে কষ্টকর হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা।

এই পরিস্থিতিতে এলাকার মানুষ কলসি, বালতি হাতে নিয়ে বিলোনিয়া-শান্তিরবাজার সড়ক অবরোধ করে বসেন। ফলে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং সৃষ্টি হয় যানজটের। অবরোধকারীদের অভিযোগ, পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এতদিন কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এমনকি সমস্যার গুরুত্ব বোঝার জন্য পঞ্চায়েতের কোনো প্রতিনিধি এলাকায় এসে বাসিন্দাদের সাথে কথা বলেননি বলেও অভিযোগ ওঠে।

অবরোধ শুরুর প্রায় ২০ মিনিট পর পঞ্চায়েত প্রধান সহদেব দাস ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তিনি এলাকাবাসীকে আশ্বস্ত করেন যে, যতদিন না স্থায়ী সমাধান হচ্ছে, ততদিন নিয়মিতভাবে গাড়িতে করে পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা হবে। তার এই আশ্বাসের ভিত্তিতেই অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।