
আইনেট প্রতিনিধিঃ খোয়াই মহকুমায় পরিবহন ব্যবস্থার বেহাল দশা এবং গাড়ি ভাড়ার ক্ষেত্রে চালকদের মর্জিমতো টাকা আদায়ের প্রতিবাদে সরব হলো ডিওয়াইএফআই। শনিবার দুপুরে ডিওয়াইএফআই খোয়াই বিভাগীয় কমিটির উদ্যোগে এই সমস্যাগুলো সমাধানের দাবিতে মহকুমা শাসক বা এসডিএম-এর কাছে একটি ডেপুটেশন প্রদান করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে খোয়াইয়ের সাধারণ মানুষ ও যাত্রীরা অনিয়মিত পরিবহন এবং অতিরিক্ত ভাড়া সংক্রান্ত সমস্যায় ভুগছেন। অভিযোগ, অনেক ক্ষেত্রে সরকারি ভাড়ার তালিকা মানা হচ্ছে না। সাধারণ মানুষের এই দুর্ভোগ লাঘব করতেই সংগঠনের প্রতিনিধি দল এসডিএম-এর সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেন।