
আইনেট প্রতিনিধিঃ গ্রাচুইটি প্রদান সহ ৮ দফা দাবির ভিত্তিতে রবিবার গণ অবস্থান পালন করল ত্রিপুরা অঙ্গনওয়াড়ী ওয়ার্কার্স এন্ড হেলপার্স ইউনিয়ন ।এদিন সি আই টি ইউ ভুক্ত এই সংগঠনটি রাজধানীর প্যারাডাইস চৌমুহনী এলাকায় গণ অবস্থান পালন করে ।গণ অবস্থানে বক্তব্য রাখেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে সহ অন্যান্য নেতৃবৃন্দ ।এই গণ অবস্থান প্রসঙ্গে সিটু রাজ্য সভাপতি মানিক দে বলেন ,রাজ্যে আন্দোলন করার পরিবেশ নেই। আন্দোলন করলেই বিভিন্ন সমস্যা সৃষ্টি করা হয়। এরপরেও আইসিডিএস কর্মীরা ৮ দফা দাবির ভিত্তিতে গণবস্থান পালন করছে ।তাদের দাবিগুলি হল প্রাপ্য মজুরি প্রদান, ছাটাই কর্মীদের পুনর্বহাল, মানসিক নির্যাতন বন্ধ করা, কথায় কথায় আইসিডিএস প্রকল্পের কর্মীদের ছাটাই করার হুমকি বন্ধ করা, গ্র্যাচুইটি প্রদান করা ,তাদের পেনশন ন্যূনতম ৯ হাজার টাকা করা এবং নিয়মিত বেতনক্রম প্রদান করা ।সিটু রাজ্য সভাপতি আরো বলেন সংশ্লিষ্ট দাবিগুলি নিয়ে দীর্ঘদিন ধরে আইসিডিএস কর্মীরা লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছেন ।অবিলম্বে দাবি মানা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন সংঘটিত করা হবে।