
আইনেট প্রতিনিধিঃ ত্রিপুরার ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার পাবিয়াছড়া বিধানসভার অন্তর্গত সোনাইমুড়ি রাখালতলি গ্রামের এক নম্বর ওয়ার্ডের সাতটি পরিবারের সদস্যরা জমা জলের যন্ত্রনায় বর্তমানে দিন কাটাচ্ছেন চরম দুর্ভোগে। জল নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জমে যাচ্ছে জল। আর সেই জলেই ডুবে থাকছে গ্রামের যাতায়াতের একমাত্র রাস্তাটি। ফলে প্রতিদিন হাঁটু জল পেরিয়েই বাড়ি থেকে বেরোতে বাধ্য হচ্ছেন গ্রামবাসীরা।ভুক্তভোগী বাসিন্দা নিয়তি মালাকার জানান, এলাকায় আগে জল নিষ্কাশনের জন্য ড্রেন ছিল। কিন্তু জাতীয় সড়ক নির্মাণের পর সেই ড্রেন কার্যত বন্ধ হয়ে যায়। তারপর থেকেই শুরু হয়েছে এই দুর্ভোগ। বৃষ্টির জল বেরোনোর রাস্তা না থাকায় তা জমে থাকছে রাস্তার উপরেই। শুধু রাস্তা নয়, অনেকের রান্নাঘর থেকে শৌচালয় পর্যন্ত ডুবে রয়েছে নোংরা জলে। দিনের পর দিন এমন পরিস্থিতির মধ্যেই তাদের জীবনযাত্রা কাটছে বলে জানান ঐ মহিলা।:- অন্যদিকে গ্রামের আরেক বাসিন্দা পূর্ণিমা মালাকার অভিযোগ করেন, টানা প্রায় পনেরো দিন ধরে জলবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন তারা। অথচ প্রশাসন কিংবা জনপ্রতিনিধিদের তরফে এখনো পর্যন্ত নেওয়া হয়নি কোনো কার্যকরী পদক্ষেপ। তার দাবি, জাতীয় সড়ক নির্মাণের সময় পুরনো ড্রেন বন্ধ হয়ে যাওয়ার পর নতুন করে আর কোনো জল নিকাশি ব্যবস্থা করা হয়নি। ফলে বৃষ্টির জল জমে এখন কার্যত অচল হয়ে পড়েছে গোটা এলাকা।