
আইনেট প্রতিনিধিঃ মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে বিশ্বজুড়ে পেট্রোপণ্যের উপর প্রভাব পড়তে চলেছে। এই অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি জ্বালানি সাশ্রয়ের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ।একই আহ্বান জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহাও । সংশ্লিষ্ট বিষয়ে বুধবার রাজ্য সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্য সরকারের বিশেষ সচিব এ কে ভট্টাচার্যীর সাক্ষ্যর সম্বলিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন সরকারি অফিসে অফিস চলাকালীন সময়ে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মধ্যে ৫০ শতাংশের উপস্থিতি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে ।বাকি ৫০ শতাংশ কর্মচারী বাড়িতে থেকে ওয়ার্ক ফ্রম হোম পদ্ধতিতে কাজকর্ম চালিয়ে যাবেন ।এই যখন পরিস্থিতি তখন ,রাজ্যের বিভিন্ন পেট্রোল পাম্পগুলিতে বৃহস্পতিবার সকাল থেকে যানবাহনের দীর্ঘ লাইন পরিলক্ষিত হচ্ছে। কোথাও কোথাও আবার ড্রাম ভর্তি করে পেট্রোল এবং ডিজেল নিয়ে যাওয়া হচ্ছে। এমন দৃশ্যও ধরা পড়েছে আমাদের ক্যামেরায় ।এই ঘটনাটি বোধজংনগর থানাধীন বণিক্য চৌমুহনী এলাকার ।কিন্তু উদ্বেগের বিষয় হচ্ছে এই ধরনের কার্যকলাপের বিরুদ্ধে সংশ্লিষ্ট পেট্রোল পাম্প কোন ব্যবস্থা গ্রহণ করছে না। পাশাপাশি প্রশাসনেরও কোন উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না ।তথ্যভিজ্ঞ মহলের অভিমত, পেট্রোল এবং ডিজেলের কালোবাজারির লক্ষ্যেই পেট্রোল পাম্প গুলি থেকে ড্রাম ভর্তি করে পেট্রোল এবং ডিজেল নিয়ে যাওয়া হচ্ছে । সংশ্লিষ্ট বিষয়ে এখনই প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি উঠতে শুরু করেছে।