
আইনেট প্রতিনিধিঃ শহরের অন্যতম প্রাণকেন্দ্র আদালতের সামনে থেকে চাঞ্চল্যকর-অপহরণ কান্ডে জড়িত থাকার অভিযোগে আরো এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ।এই নিয়ে রোমহর্ষক অপহরণকাণ্ডে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে হল ৪। তবে ধৃত চতুর্থ অভিযুক্তের নাম প্রকাশ করেনি পুলিশ। সোমবার দুপুরে পশ্চিম থানায় সাংবাদিকদের ডেকে এনে এই তথ্য জানান সদর মহকুমা পুলিশ আধিকারিক ডিপি রায় ।উল্লেখ্য চাঞ্চল্যকর এই অপহরণ কাণ্ডে আগেই পুলিশ তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে ।ধৃতরা হল রবি মিয়া, জাকির হোসেন এবং ইকবাল হোসেন। কিন্তু এদিন ধৃত চতুর্থ অভিযুক্তের নাম সদর এসডিপি জানাননি ।তিনি জানান ,ধৃত অভিযুক্তরা সিপাহীজলা জেলার অধীন ।সরাসরি বিশালগড় মহকুমার নামও তিনি বলতে চাননি। মহকুমা পুলিশ আধিকারিক জানান, ঘটনার পরই পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারি দল বা সিট গঠন করে মামলা হাতে নিয়ে অভিযান চালানো হয় ।এই অভিযানেই পুলিশ সাফল্য পায় । তিনি জানান, অপহরণ কাণ্ডে সাদা বলেরো গাড়ির সাথে ১টি স্কুটিও যুক্ত ছিল। অপহরণকারীদের সংখ্যা ছিল ৬ থেকে ৭ জন ।স্কুটি টি উদ্ধার করা গেলেও অপহরণকাণ্ডে ব্যবহৃত গাড়িটি এখনো উদ্ধার করতে পারা যায়নি ।ধৃত অভিযুক্তদের জিজ্ঞাসা বাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে সোমবার আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।